২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উপদেষ্টা নিয়োগ, শপথ নিয়েছেন তিন জন

তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভায় আরো পাঁচজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে শপথ নিয়েছেন তিন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তারা হলেন এইডস বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবঃ) মতিউর রহমান, সাবেক সচিব আইয়ুব কাদরী এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‌্যাবের সাবেক প্রধান আনোয়ারুল ইকবাল। অপর দুই উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এরা দুজন দুএকদিন পরে শপথ নেবেন বলে জানা গেছে।

তিন উপদেষ্টা শপথ নেওয়ার পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। রাত আটটায় শুরু হয়ে দশটায় এ বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে শপথ নেওয়া নতুন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আজ এটি ছিল আমাদের পরিচিতি সভা। আগামীকাল (বুধবার) আমাদের দায়িত্ব বন্টন হবে। এছাড়া এখন কিছু বলব না। অন্যরা বলবেন।”  

শপথ নেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মতিউর রহমান ও আনোয়ারুল ইকবাল সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন।

এর আগে গত শনিবার ইত্তেফাক এর ব্যারিস্টার মইনুল হোসেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান মীর্জ্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন এবং স্কয়ার গ্র“পের তপন চৌধুরী শপথ নিয়েছিলেন।

সদ্য নিযুক্ত উপদেষ্টা ফয়েজ খানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে।  এছাড়া দুইজন উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের আত্মীয়। উপদেষ্টা হিসেবে নিযুক্ত কুটনীতিক ইফতেখার আহমেদ চৌধুরী প্রধান উপদেষ্টার স্ত্রী নীনা আহমদের বড় ভাই। আরেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী নীনা আহমদের মামাতো ভাই এর স্ত্রী ।