হবিগঞ্জ পৌর চেয়ারম্যানকে একমাসের আটকাদেশ
হবিগঞ্জে সেনাবাহিনীর হাতে আটক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে বিশেষ ক্ষমতা আইনে একমাসের আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
শায়েস্তা নগরে নিজের বাড়ি থেকে সোমবার রাতে আটকের পর গউছকে জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জ সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে সোপর্দ করা হয় হবিগঞ্জ থানায়। এরপর তাকে আদালতে নেওয়া হলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান জি কে গউছকে এক মাসের আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠান।
সোমবার সন্ধ্যার পর সেনা সদস্যরা পৌর চেয়ারম্যান জি কে গউছ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় গউছকে আটক ও অন্য দুটি বাড়িতে ব্যাপক তল্লাশি করা হয়।
