নেত্রকোণায় প্রশিক্ষণার্থী এক সেবিকার মৃত্যু
নেত্রকোনা সরকারি নার্সিং ইনস্টিটিউট হোস্টেলে আমিনা বেগম (১৮) নামে এক প্রশিক্ষণার্থী সেবিকার (নার্স) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ সোমবার রাতে হোস্টেলের ৩০৫ নং কক্ষ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। পরে রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
নার্সিং ইনস্টিটিউট থেকে আমিনা আত্মহত্যা করেছে বলে জানানো হলেও তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তার সহপাঠীরা। এ ঘটনার নিরপেক্ষ তদন্তও দাবি করেছে তারা।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানান, আমিনা তার কক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছে। তবে কর্তৃপক্ষ আত্মহত্যার সঠিক কারণ তারা জানাতে পারেনি।
তারা জানান, জেলা শহরে কর্মরত এক পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার পদ্মযোগীনী গ্রামের ওই ছাত্রীকে নার্সিং ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নেত্রকোনা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “জরুরি কাজে আমি ঢাকায় আছি, ডেপুটি সিভিল সার্জন এ ব্যাপারে জেনে থাকতে পারেন।”
ডেপুটি সিভিল সার্জন ডা. জ্যোতির্ময়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে এক্ষুণি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।” তিনি দাবি করেন, কেউ কেউ বলেছে ওই ছাত্রী ফাঁসি দিয়েই আত্মহত্যা করেছে।
তিনি পরামর্শ দেন এ ব্যাপারে ইনস্টিটিউটের কর্মকর্তা শিখা রায়ের সঙ্গে যোগাযোগ করার জন্য। তবে শিখা রায়কে পাওয়া যায়নি।
ঢাকা থেকে যোগাযোগ করা হলে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলতে আমি বাধ্য নই। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে ময়নাতদন্তের প্রতিবেদনও পাঠানো হয়েছে।” এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
