রাজধানীতে ১০ কোটি টাকার টেলিনেটওয়ার্ক সরঞ্জামসহ গ্রেপ্তার ২
বিদেশে ফোন কল করার জন্য অবৈধভাবে নেটওয়ার্কে স্থাপন করার অভিযোগে রাজধানীতে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে ১০ কোটি টাকারও বেশি আধুনিক টেলিযোগাযোগ যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শান্তিনগরের টুইন টাওয়ারের ১৯ তলার একটি অ্যাপার্টমেন্টে সোমবার রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে র্যাব-১০’এর সদস্যরা যন্ত্রপাতিসহ অ্যাপার্টমেন্টের মালিক মো. রেজাউল হক চৌধুরী ও কেয়ারটেকার আশরাফকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, টুইন টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্টের মালিক রেজাউল হক ‘নোভা ফার্ম’ নামে একটি আইএসপি প্রতিষ্ঠানের ছায়ায় অনেকদিন ধরে এই অবৈধ ব্যবসা করছে। তিনি একটি অ্যাপার্টমেন্টকে বাসস্থান, একটিকে পুরোপুরি টেলিফোন এক্সচেঞ্জ এবং অপরটিকে যন্ত্রপাতির গুদাম হিসেবে ব্যবহার করছিলেন।
উদ্ধার করা যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে সিডিএমএ টেলুলার যন্ত্র ১০০টি, মাল্টিপল
সিমধারী অত্যাধুনিক টেলুলার যন্ত্র ২০টি, কুইন্টাম (টার্মিনেটিং যন্ত্র) ৩৫টি, টার্মিনেশন মাল্টি প্লেক্সার ৩০টি, চ্যানেল ব্যাংক ৬টি, গেটওয়ে মডেম ৫টি। এ ছাড়া অ্যাপার্টমেন্ট এক্সচেঞ্জটিতে কল টার্মিনেশনে ব্যবহার করা অবস্থায় ২৫০টি বাংলালিংক, ৫০টি একটেল, ২২০টি গ্রামীন ও ৭৫টি সিটিসেলের কর্পোরেট সংযোগসহ বিভিন্ন মোবাইল অপারেটরদের প্রায় ২ লাখ সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব -১০ এর ক্যাপ্টেন আলীম আল রাজী নফহবংি২৪.পড়স কে জানান, উদ্ধার করা যন্ত্রপাতির সবগুলোই অত্যাধুনিক। এগুলোর স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকারও বেশি।
তিনি আরও বলেন, “আলামত দেখে স্পষ্ট বোঝা গেছে ঈদের আগে চালানো অভিযানের খবর পেয়ে তারা একটি অ্যাপার্টমেন্টের মালামাল সরিয়ে ফেলে।”
কল টার্মিনেশন ও কল অরিজিনেশন যারা করছে তাদের ধরার জন্য বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) সহায়তায় অভিযান চলছে জানিয়ে বিটিটিবির নিরাপত্তা ও পর্যবেক্ষণ জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার নফহবংি২৪.পড়স কে বলেন,“ এ সব অবৈধ ও অসৎ ব্যবসায়ীদের জন্য সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ফোন-ফ্যাক্সের ব্যবসায়ীরা বিভিন্ন নামে বিভিন্ন ঠিকানায় অনেকগুলো সংযোগ নিয়ে এসব কাজ করেন। এতে শুধু বিটিটিবি নয়, মোবাইল অপারেটরদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।”
এছাড়া কল টার্মিনেশনসহ বিভিন্ন অপকর্ম ঠেকাতে বিটিটিবি থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। উদ্ধার করা সরঞ্জামসহ গ্রেপ্তারকৃতদের পল্টন থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে।
