কুড়িগ্রামে বিএডিসি'র অফিস ভাঙচুর নিয়ে প্রশাসনে তোলপাড়
কুড়িগ্রামে শনিবার রাতে বিএডিসির সীমানা প্রাচীর ভেঙে মালামাল ও গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনে তোলপাড় চলছে। বিএডিসি’র স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একদল ব্যক্তি শনিবার রাতে এ ঘটনা ঘটায়।
রংপুরের বিএডিসি’র বীজ বিপণন কেন্দ্রের উপ--পরিচালক মোঃ আবু তালেব রোববার কুড়িগ্রাম জেলা প্রশাসককে লেখা এক পত্রে (স্মারক নং-৬৭২ তাং ১৪/০১/০৭) অভিযোগ করে বলেন, প্রাচীর ভাঙার সময় দারোয়ান বাধা দিতে গেলে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়। প্রাচীর ভেঙে ফেলার কারণে তিনদিন ধরে অরক্ষিত পড়ে আছে গুদাম ও অফিস। আতঙ্কে রয়েছেন বিএডিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা।
তিনি ভেঙে ফেলা স্থাপনাটি পূণর্বহালসহ সরকারী স্থাপনা ভাঙা ও লুটপাটের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতারা বেগম বিএডিসি’র স্থাপনা ভাঙার কথা স্বাকীর করে বলেন, জনস্বার্থে একটি রাস্তার সংযোগ স্থাপনের জন্য উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থাপনাগুলো ভাঙ্গা হয়। তবে লুট-পাটের বিষয়ে তিনি কিছু জানেন না। সোমবার ওই স্থান দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।
বিএডিসির অভিযোগ পত্রে বলা হয় অফিসের একটি কক্ষ, একটি বাথরুম এবং ৫০ ফুট প্রাচীর ভেঙে ইট, অ্যাংগেল, কাটাতার, টিউবওয়েল এবং ষ্টোর রুমের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অফিস চত্বরের কয়েকটি গাছও কেটে লুট করা হয়েছে।
এদিকে খলিলগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে ভবন ভেঙে রাস্তা নির্মাণের আপত্তি জানানো হয়েছে। আবেদনে বলা হয়, রাস্তা নির্মিত হলে বিদ্যালয়ের দ্বিতল ভবনটিতে ফাটল সৃষ্টি হতে পারে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে বিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। যানবাহনের শব্দ ও হর্নের আওয়াজে পাঠদান ব্যহত হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ আর মোল্লা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। প্রকৃত ঘটনা কী তা তিনি খতিয়ে দেখছেন।
