চুয়াডাঙ্গা সীমান্তে দফায় দফায় গোলাগুলি
চুয়াডাঙ্গায় দামুরহুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যরা সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘন্টা দফায় দফায় বাংলাদেশের অভ্যন্তরে গুলিবর্ষণ করেছে। প্রতিবারই বিডিআর জোয়ানরা পাল্টা গুলি ছুড়ে জবাব দেয়। এসময় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “বিএসএফ সদস্যরা সোমবার সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত চারদফায় অন্তত ২০ রাউন্ড গুলি ছুড়েছে। জবাবে বিডিআরের পক্ষ থেকে ছোঁড়া হয়েছে ৪০ রাউন্ড গুলি।”
অবশ্য বিএসএফের ওই উস্কানি--মুলক তৎপরতার বিষয়ে মোতাহার হাসান কোন কারণ খুজে পাননি বলে এ প্রতিনিধিকে জানান।
বিডিআর কর্মকর্তারা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের ৭৯ ও ৮০ নম্বর মেইন পিলারের মাঝামাঝি স্থানে ভারতের হালদাপাড়া ২০০ বিএসএফ ব্যাটলিয়ন সদস্যরা উস্কানি-মুলক ভাবে চার রাউন্ড গুলি ছুড়লে বিডিআর বারাদী ক্যাম্পের সদস্যরা পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এর ১০ মিনিট পর আবারো ২ রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। জবাবে বিডিআর পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এভাবে দফায় বিএসএফ এবং বিডিআর জোয়ানদের মধ্যে দফায় দফায় গুলি বর্ষণ ঘটে। এ সময় বিএসএফ ২০ রাউন্ড এবং বিডিআর জোয়ানারা ৪০ রাউন্ড গুলি ছোড়ে।
একাধিক সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতীয় অংশে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। তবে বাংলাদেশ অংশে অতিরিক্ত সৈন্য বা গোলাবারুদ মজুদ করা না হলেও বিডিআর জোয়ানদেরকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
এ বিষয়ে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার ভোর চারটা থেকে এ পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর ও দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যদের এ ধরনের উস্কানিমূলক তৎপরতা মোটেও কাম্য নয়।
এদিকে চুয়াডাঙ্গা সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করার কারনে সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে এলাকাবাসী নিরাপদ দুরত্বে সরে যেতে শুরু করেছে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওা যায়নি।
