সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৭০
কুমিল্লা, হবিগঞ্জ, কুষ্টিয়া, জয়পুরহাট, চাঁদপুর, ঢাকার সাভার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দশজন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। কুমিল্লার দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়। হবিগঞ্জের মাধবপুরে বাস উল্টে এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়। এছাড়া নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ধামরাইয়ে সুতিপাড়ায় ঢাকা--আরিচা মহাসড়কে বাস--ট্রাকের মুখোমুকি সংঘর্ষে বদরুন্নেছা কলেজের এক ছাত্রী নিহত ও ২০ জন আহত হয়। কুষ্টিয়া--মেহেরপুর সড়কে সোমবার এক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী মারা গেছেন। জয়পুরহাটে শীত বস্ত্র নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি বাজারে বাসের চাকায় পিষ্ট একজন নিহত হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলে পিক আপ ভ্যানের চাপায় মারা গেছে একজন।
নফহবংি২৪.পড়স এর কুমিল্লা প্রতিনিধি জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রের বরাত দিয়ে জানান, সকালে রংপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে ভর্তির পর অপর একজন মারা যান। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশংজনক। তাদেরকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, টাঙ্গাইল থেকে সিলেটগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোমবার দুপুরে মাধবপুরের শাহাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অজ্ঞাত পরিচয় এক যাত্রীর মৃত্যু ও অন্তত ২০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া বিকেলে নবীগঞ্জ উপজেলার সঈদপুরে দ্রুতগামী বাসের চাপায় আইয়ূব উল্লার (৬৫) মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে।
সাভার প্রতিনিধি জানান, ঢাকা--আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ডের কাছে সোমবার সন্ধ্যায় শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাটিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসযাত্রী বদরুন্নেছা কলেজের ছাত্রী রেজওয়ানা পারভীন মুন্নি (২০) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ২০ জন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টার দিকে ইয়াসিন আলী (৫০) নামের এক সার ব্যবসায়ী বাইসাইকেলে করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় নওপাড়া বাজারের অদুরে মেহেরপুরগামী বালি ভর্তি একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রায় আধা ঘন্টা কুষ্টিয়া--মেহেরপুর মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে শাহরাস্তি বাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে সাদেক হোসেন (২৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, সোমবার বেলা ২টায় জয়পুরহাট-- বগুড়া মহাসড়কের কালাই উপজেলা গেটের সামনে দ্রুতগামী একটি বালিভর্তি ট্রাকের চাপায় কেরামত হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কেরামত কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে শীত বস্ত্র নিয়ে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, ঢাকা--সিলেট মহাসড়কের ভূনবীর চৌমুহনী এলাকায় সাউম উল্ল্যা (৭০) বাসে জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিক--আপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সোমবার সন্ধ্যায় প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে আবার যান চলাচল হয়।
