২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানা ছাড়া মামুনকে গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ

ওয়ান গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহীনা ইয়াসমিনকে ফৌজদারি কার্যবিধি অনুসরণ না করে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরোয়ানা ছাড়া তাদের বাড়ি ও অফিসে তল্লাশি না চালাতেও বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এই দুজনের পক্ষ থেকে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার ওই আদেশ দিয়ে একই সঙ্গে মামুনের বাড়ি ও অফিসে পরোয়ানা ছাড়া তল্লাশি এবং তাদের গ্রেপ্তার ও হয়রানির চেষ্টা কেন অবৈধ ও আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এ মর্মে স্বরাষ্ট্র সচিবসহ চারজনকে কারণ দর্শাতে বলেছে।

আবেদনে বলা হয়, গত ১১-১২ ও ১৩ জানুয়ারি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়াসউদ্দন আল মানুনের অফিস ও বাসায় তল্লাশি চালায় এবং লোকজনকে হয়রানি করে। আবেদনে উল্লেখ করা হয়,  ‘আইনে বলা আছে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না।’  ‘মহিলা বাসায় থাকা অবস্থায় বাসায় তল্লাশি করা যাবে না।’ এইসব বিধান না মেনে কয়েক রাতে তার ডিওএইচএসের বাসায় তল্লাশি করা হয়েছে।

আবেদনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট তৌফিক ইনাম টিপু।