সিলেটের অর্ধশতাধিক সন্ত্রাসী আত্মগোপনে
জরুরি অবস্থা ঘোষণার পর পুলিশ ও র্যাবের তালিকায় থাকা নগরীর একাধিক কমিশনার এবং অর্ধশতাধিক সন্ত্রাসী নগরী থেকে সরে পড়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টা থেকেই নগরীতে এক ধরনের সুমসাম নীরবতা নেমে আসে। তবে শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ মাইকিং করে সান্ধ্য আইন প্রত্যাহারের খবর জানালে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
নতুন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয়। শহীদ মিনারে দুই দিনের নাট্যোৎসবও বাতিল করা হয়েছে। সেনাবাহিনী নগরীতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত সেনাসদস্যদের হাতে সিলেটের কোনো রাজনৈতিক নেতা আটক হননি।
বৃহস্পতিবার রাত ৯ টার পর সিলেট নগরীর প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে যায়। রাত ১০ টায় বিভিন্ন সড়ক, হাটবাজার ও এলাকায় নেমে আসে নীরবতা। শুক্রবার সকাল থেকেও নগরী জুড়ে নীরব পরিবেশ দেখা যায়। যান চলাচলও ছিল কম।
জিন্দাবাজার, বন্দর বাজার, মিরা বাজার, আম্বরখানা, নয়া সড়ক, লামা বাজার, পাঠানটুলা, সুবিদ বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে লোকজন ও যান চলাচল তেমন একটা দেখা যায়নি।
নগরীর নাট্য সংগঠন ‘নাট্যমঞ্চ সিলেট’ সিলেটের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে নাট্যোৎসবের আয়োজন করেছিল। মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শুক্রবার বিকেলে তা উদ্বোধন করার কথা ছিল। সংগঠনের সভাপতি রজত কান্তি গুপ্ত জানান, পরিস্থিতির কারনে এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুক্রবার নগরীতে কয়েকটি বিয়ের অনুষ্ঠানও বাতিল হয়। এদিকে, সুনামগঞ্জে উদীচীর সম্মেলন ঘরোয়াভাবে পালন করা হয়েছে।
সিলেট পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, তালিকাভুক্ত অর্ধশতাধিক সন্ত্রাসী নগরী থেকে পালিয়ে গেছে। আটক ও গ্রেপ্তার এড়াতে একাধিক সিটি কমিশনারও সরে পড়েছেন।
