জরুরি অবস্থা: চট্টগ্রামে আতঙ্ক,মহিউদ্দিনের অভিনন্দন
চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির জরুরী অবস্থা ঘোষণা ও প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি তত্ত্ববধায়ক সরকারকে সহযোগিতা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ বিদেশে গ্রহণযোগ্য করার অনুকূল পরিবেশ তৈরির জন্য সবার প্রতি আহবান জানান।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ শুক্রবার অপর এক বিবৃতিতে ইয়াজউদ্দিন আহম্মেদের গৃহীত পদক্ষেপকে ‘সঠিক ও সময়োচিত’ আখ্যায়িত করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, “এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় ফিরে আসবে।” চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এ আশাবাদও ব্যক্ত করেন যে, “রাষ্ট্রপতি আগামীতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবেন।”
এদিকে, জরুরি অবস্থা ঘোষণার কারণে জনমনে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ায় শুক্রবার নগরীতে যানবাহন চলাচলও কমে যায়। কাতালগঞ্জের সি এন জি ট্যাক্সি চালক মো:জামান বলেন, অনেকেই আজ গ্যারেজ থেকে ট্যাক্সি বের করে নি। এই জন্যেই রাস্তা ফাঁকা, যানজটে পড়তে হয় নি।
তবে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহন রাতের সময়সূচী এগিয়ে নিয়ে এসে সারাদিনই চলাচল করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের চাইতে কয়েক ঘন্টা বেশি সময় লেগে যায় বলে ঢাকা থেকে আগত অনেক যাত্রীর মুখ থেকে শোনা গেছে।
জরুরি অবস্থার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান স্থগিত করেছে বলে জানা যায়। বৃহষ্পতিবার রাতে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে অনেক বিয়ের অনুষ্ঠানে অতিথির উপস্থিতি ছিল একেবারেই কম। তড়িঘড়ি করে অনুষ্ঠান সেরে রাত ১১টার আগেই ঘরে ফিরে যান অতিথি ও আপ্যায়নকারীরা।
তবে চট্টগ্রাম বন্দরের দৈনন্দিন কর্মকাণ্ডে জরুরি অবস্থার কোনো প্রভাব পড়ে নি। বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার (জেটি ও ইয়ার্ড) মশিউর রহমান বেগ নফহবংি২৪.পড়স কে জানান, “বন্দরের কাজকর্ম স্বাভাবিকই আছে। এখনো কোনো সমস্যা নেই।”
মহানগর পুলিশের সহকারী কমিশনার ( গোয়েন্দা) মোহাম্মদ ফরিদ জানান, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের এখনো কোনো যৌথ কার্যক্রম গৃহীত হয় নি। তবে তিনি বলেন, প্রয়োজনে আমরা একে অন্যের সহযোগিতা চাইতেই পারি।
