রাজধানীতে অগ্নিকাণ্ডে ৪০০ বস্তিঘর পুড়ে ছাই, নিহত ১
রাজধানীর শ্যামপুরে শুক্রবার ভোরে এবং বিকেলে কারওয়ান বাজারে পৃথক দুটি অগ্নিকাণ্ডে একজন নিহত ও কমপক্ষে ৪০০ টি বস্তিঘর পুড়ে গেছে।
দমকল বাহিনী সূত্র জানায়, নগরীর শ্যামপুরের ম্যাচ ফ্যাক্টরি কলোনিতে ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর পোস্তগোলা, সদরঘাট এবং সদর দপ্তরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে হানিফা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন। তার বাড়ি নোয়াখালী জেলায়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে বস্তির বাসিন্দারা দাবি করেছেন। তবে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের সাব--অফিসার অনন্ত বাবু বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা।
অন্যদিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকার এফডিসি গেটের কাছে রেলস্টেশন বস্তিতে শুক্রবার বিকেলে আগুন লেগে কমপক্ষে ২০০টি ঘর পুড়ে গেছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি শিশু নিখোঁজ রয়েছে।
বস্তির বাসিন্দা সামছুন্নাহার (৫০) জানান, পার্শ্ববর্তী হাসেনের দোকান থেকে বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মূহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের একটি চারতলা ভবনও আগুনে ক্ষতিগ্রস্থ হয়। আগুনের তাপে বাড়িটির দেয়ালে ফাটল ধরেছে।
তবে বস্তির আরেক বাসিন্দা নাজমা (৩০) বলেছেন, রান্না করার সময় চূলা থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল সদর দপ্তরের সহকারি পরিচালক এবিএম নূরুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দপ্তরের চারটি এবং তেজগাঁও ও আসাদগেট ইউনিটসহ ১০টি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি।
