২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রেনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি

খুলনা রেল ষ্টেশনে বুধবার রাতে সুন্দরবন আন্তঃনগর ট্রেনের দু’টি বগি পুড়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 10:57 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রেলওয়ের খুলনা বিভাগের যান্ত্রিক প্রকৌশলী এবিএম আরিফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা এএনএম শাহনেওয়াজ, নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শাহ আলম ভূঁইয়া এবং বৈদ্যুতিক প্রকৌশলী শেখ খলিলুর রহমান।

খুলনা রেলওয়ের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান জানান, যেহেতু তদন্ত শুরু হয়ে গেছে সেহেতু খুব দ্রুত তারা রির্পোট দেবেন। ট্রেনের দু’টি বগি পুড়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে খুলনা রেল স্টেশনটি সম্পূর্ণ অরক্ষিত থাকায় সেখানে মাদক সেবীদের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। মাদকসেবীদের ব্যবহৃত আগুন থেকে ট্রেনের বগি দু’টি পুড়ে যেতে পারে বলে তিনি ধারনা করছেন।

বুধবার রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ষ্টেশনে অপেক্ষারত ট্রেনের বগি দু’টিতে আগুন লাগলে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার পর বগি দুটিকে অন্যাত্র সরিয়ে রাখা হয়। রাত সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। খুলনা রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকান্ডের সময় ট্রেনটির কয়েকটি বগি পরিস্কার করা হচ্ছিল। তবে যে দুটি বগিতে আগুন লাগে তাতে কেউ ছিল না।

খুলনা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সালেহ আহমেদ জানান পুড়ে যাওয়া বগি দুটির মূল্য প্রায় ১ কোটি টাকা।