২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন ড. কামাল

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকে আগাম ও অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 04:34 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গত ৭ জানুয়ারি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ড. কামাল হোসেনকে এ মামলায় ১০ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছিল।

গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা  মামলায় আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দিলে সুপ্রিমকোর্টের ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর শাহবাগ থানায় সুপ্রিমকোর্টের কোর্ট কীপার রফিকুল ইসলাম ড. কামাল হোসেন ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন।

এ মামলায় জামিন আবেদনের শুনানিতে ড. কামাল হোসেন বলেন, মামলাটিতে গত ১০ ডিসেম্বর ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ ৭ আইনজীবীকে আগাম জামিন মঞ্জুর করেছিল হাইকোট। একটি আন্তজার্তিক সালিশ উপলক্ষে  বিদেশে থাকায় তিনি তখন জামিন আবেদন জানাতে পারেননি।

শুনানির সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ ও সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।