২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারি নির্বাচন করতে রাষ্ট্রপতি অনড় থাকলে পৃথক সিদ্ধান্ত নেবেন ১০ উপদেষ্টা

২২ জানুয়ারি নির্বাচন করতে ইয়াজউদ্দিন আহম্মেদ অনড় থাকলে ১০ উপদেষ্টা পৃথক সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা সফিকুল বলেন, বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে ডাকা বিশেষ বৈঠকে “প্রধান উপদেষ্টা  যদি প্রস্তাব না মেনে ২২ জানুয়ারির নির্বাচনে অনড় থাকেন তবে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বের হয়ে ১০ উপদেষ্টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন।”

উপদেষ্টাদের সিদ্ধান্তের বিষয়ে অবশ্য কিছু জানাননি সফিকুল। তিনি শুধু বললেন, ২০ জানুয়ারি পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা।

বৃহস্পতিবারের বৈঠক সম্পর্কে সফিকুল বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে দুই প্রধান রাজনৈতিক জোটকে এক টেবিলে বসানোর প্রস্তাব দেবেন উপদেষ্টারা। তবে তিনি বলেন, এটি একটি বিশেষ বৈঠক বলে এর কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই।

সফিকুল হক চৌধুরী বলেন, “রাষ্ট্রপতি সম্মত হলে দুই জোটকে এক টেবিলে বসানোর সর্বাত্মক উদ্যোগ নেবেন উপদেষ্টারা। দুই জোট একমত হলে নির্বাচন পেছানো হবে।”

এনডিআই ও আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষণে অংশ না নেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এক দলীয় নির্বাচন হলে বিদেশী পর্যবেক্ষকদের দরকার কি? অযথাই অর্থ খরচ। এমনিতেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

দুই জোটকে না বসিয়ে দুই নেত্রীকে বসানো সম্ভব কি-না এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “দুই নেত্রীকে বসানো অসম্ভব। ইতিহাসে রেকর্ড নেই।”