২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বিলকুমারী বিলে ভূমিহীন-জোতদার মুখোমুখি

তানোর উপজেলার বিলকুমারী বিলে পাঁচ শতাধিক ভূমিহীন তাদের দখলে রাখা খাসজমি রক্ষায় প্রতিবছরের মতো এবারও জোতদারদের মুখোমুখি হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বোরো মৌসুমে আবাদী খাসজমির দখল নিয়ে যেকোনোও সময় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বিলকুমারী বিলের পার্শবর্তী ধানতৈড়, মেলান্দি, মোহাম্মদপুর, বেলনা, বিল হোগলা ও বিল মহিশাল গ্রামের ভূমিহীনরা বিলের প্রায় দু হাজার বিঘা খাসজমির কিছু অংশে প্রায় ৪০ বছর ধরে চাষাবাদ করছে। তবে গোদাগাড়ী, তানোর ও মোহনপুরের জোতদাররা অবৈধভাবে কাগজপত্র তৈরি করে এরই মধ্যে বিলের প্রায় ৬০০ একর জমি দখল করে নিয়েছে।

জানা গেছে, গোদাগাড়ীর এরফান আলী প্রায় ৩৬ বিঘা খাসজমি আরএস রেকর্ড করে নিয়েছে। এই সম্পত্তি এসএ ও সিএস রেকর্ডে জমিদারি সম্পত্তি হিসেবে ছিল। এরফান আলী এক সময় তানোর ভূমি অফিসে তহসিলদার ছিলেন।

যোগাযোগ করা হলে তিনি জানান, জমি বৈধভাবেই নিজ নামে নেওয়া হয়েছে। কীভাবে তার নামে সম্পত্তি আরএস রেকর্ডভুক্ত হল সে বিষয়ে তিনি কথা বলতে চাননি।

ভূমিহীনরা অভিযোগ করেন, মোহনপুর উপজেলার বেলনা গ্রামের প্রভাবশালী বেলায়েত হোসেন দীর্ঘদিন বিলের প্রায় ৩০ বিঘা জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করেও ফল পাননি। এ বিষয়ে বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে কানুনগো নুরুল ইসলাম জানান, “খাসজমি বন্দোবস্তের কোনও নিয়ম নেই। এগুলো যে যার মতো দখল করে আছে।” ভূমিহীনদের বরাদ্দ দেওয়ার কোনও প্রক্রিয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নিয়মনীতি মেনে ভূমিহীনরা কখনও আবেদন করেননি।”

ভূমি অফিসের অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আগে হলেও এখন আর হচ্ছে না।”

প্রসঙ্গত গত কয়েক বছর ধরে চাষাবাদের সময় জোতদাররা খাসজমি অবৈধভাবে দখল করতে লাঠিয়াল বাহিনী নামিয়ে দিচ্ছে। ভূমিহীনরাও দখল বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে। গত বছর ঠিক একই সময়ে জোতদার--ভূমিহীন সংঘর্ষের পর প্রশাসনের সহায়তায় ভূমিহীনরা চাষাবাদ করে। কিন্তু ধান পেকে গেলে জোতদাররা সেগুলো কেটে নেওয়ার চেষ্টা করলে আবার সহিংসতা শুরু হয়। এতে এক ভূমিহীন নিহত ও কয়েকশ আহত হয়।