শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার বড় ভাই জাপা নেতা নাসিম ওসমানের বিরুদ্ধে চুরির মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি ম্যাজিস্ট্রেট আদালত।
বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী, বর্তমানে কানাডায় বসবাসরত ক্যাপ্টেন (অব:) কিসমতের ছোটভাই ইসমত হাশেম বাদী হয়ে নারায়ণগঞ্জ থানায় ২০০১ সালের ২৪ ডিসেম্বর একটি চুরির মামলাটি দায়ের করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, তিনি ও নাসিম ওসমান দুজনই সপরিবারে শহরের চাষাড়া বালুর মাঠে মনির টাওয়ারে দুটি ফ্ল্যাটে থাকতেন। ২০০০ সালের মাঝামাঝি সময়ে ইসমতের ফ্ল্যাট থেকে নগদ ১১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় নাসিম ওসমানের পরিবার। এই চুরির মামলায় আসামী করা হয় নাসিম ওসমান, তার স্ত্রী পারভীন ওসমান, ছেলে আজমীরি ওসমান, ভাই নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান, জাপা নেতা মেজবাহউদ্দিন আহমেদ ভুলু ও ডা. হাবীব হককে।
মামলার অন্যতম আসামী সেলিম ওসমানের আবেদনের প্রেক্ষিতে ২০০৫ সালের ২ এপ্রিল হাইকোর্ট মামলাটি বিচারের জন্য নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী যে কোনও জেলার আদালতে পাঠানোর নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশ দীর্ঘ ২০ মাস পরে গত ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে। আদেশ পাওয়ার পরে জেলা ম্যাজিস্ট্রেট মামলাটি ঢাকার আদালতে পাঠানোর কাজ শুরু করেন। অন্যদিকে নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাসনা জাহান খানম মঙ্গলবার দুপুরে এই মামলায় শামীম ওসমান ও নাসিম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হান্নান মিয়া নফহবংি২৪.পড়স কে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মামলাটি বিচার উপযোগী করে ঢাকার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নিয়ম মোতাবেক এই মামলায় যে সব আসামী এর আগে জামিন নেননি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শামীম ওসমানের ঘনিষ্ঠ কৃষক লীগ নেতা চন্দন শীল বলেন, শামীম ওসমানের জনপ্রিয়তায় ভীত হয়ে চারদলীয় জোট ও স্থানীয় প্রশাসনের একটি অংশ তাকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে।
