নির্বাচন পেছানো হলে মহাজোট অংশ নেবে কি-না জানতে জলিলের বাসায় তিন উপদেষ্টা
নির্বাচন পেছানো হলে মহাজোট তাতে অংশ নেবে কি--না জানতে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের বাসায় গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী, শোয়েব আহমেদ এবং এম আজিজুল হক। জলিল অবশ্য উপদেষ্টাদের সাফ জানিয়ে দিয়েছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ, নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধন ছাড়া নির্বাচনে যাবেন না তারা। নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা নফহবংি২৪.পড়স কে এসব তথ্য দেন। জানাচ্ছেন সুমন মাহবুব ও কামরান রেজা চৌধুরী।
সূত্র আরো জানায়, সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানো প্রসঙ্গে জলিল বলেছেন, ‘আগে পাঠান তারপর দেখা যাক কী হয়?’
এর আগে মঙ্গলবার বিকেলে তিন উপদেষ্টা এবং জলিল ঘন্টাব্যাপী বৈঠক করেও সাংবাদিকদের বলার মত কিছু খুঁজে পাননি। বৈঠকে উপস্থিত সবাই আলোচ্য বিষয় নিয়ে না মুখ না খোলার বর্ম হিসেবে ব্যবহার করেছেন ‘সৌজন্য সাক্ষাত’কে ।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিবদমান দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার উপায় খুঁজে বের করতেই উপদেষ্টারা জলিলের সঙ্গে কথা বলেছেন বলে ধরে নিয়ে সাংবাদিকদের নানামুখী প্রশ্নের জবাবে তিন উপদেষ্টা এবং জলিল একাধিকবার বলেছেন, এটা ছিল নিছক সৌজন্য সাক্ষাৎ।
বিকেল পৌনে চারটায় এ বৈঠক শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী তা চলে।
এর আগে রোববার দুপুরে সফিকুল হক চৌধুরী, শোয়েব আহমেদ এবং মাহবুবুল আলম বিএনপির মহাসচিব মান্নান ভুঁইয়ার বাসায় যান। তবে তা সৌজন্য সাক্ষাত ছিল বলে জানিয়েছিলেন উপদেষ্টারা।
বৈঠক শেষে জলিল সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নিয়ে উপদেষ্টারা আসেননি বলে দল বা জোটের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো যায়নি।
অনানুষ্ঠানিক যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা সাংবাদিকদের জানানো যাবে না, কারণ এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে, এ মন্তব্য জলিলের।
বৈঠক প্রসঙ্গে জলিলের কথার প্রতিধ্বনি করলেন শোয়েব আহমেদ। সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাংবাদিকদের পীড়াপীড়িতে আর বললেন, বৈঠকের ফলাফল সময়ই বলে দেবে।
নির্বাচন পেছানোর বিষয়ে দুই প্রধান রাজনৈতিক জোট একমত হলে রাষ্ট্রপতিকে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত অর্থাৎ সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার জন্য অনুরোধ করা হবে বলে এর আগে উপদেষ্টারা জানিয়েছিলেন।
