২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে সোমবার জুয়া খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তবে পুলিশ দাবি করেছে গ্রামে আধিপাত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 10:54 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আহতদের ১৭ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার মোশারফ এবং উত্তর পাড়ার মন্নর আলীর সমর্থকদের মধ্যে সোমবার বিকেলে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকটি দোকান ও বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে সরাইল থানার এসআই আবু বকর ও হারুনার রশীদ এবং কনস্টেবল বাকিউরসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়।

এদের মধ্যে আইয়ুব আলী (৩০), মঞ্জু মিয়া (৩১), মোতাহার (২০), জানু মিয়া (১৮), ইসহাক (২০), হামিদা বেগম (৪৮), মোখলেছ উদ্দিন (২৫), শাহ আলম (২৫), গিয়াসউদ্দিন (২০), আলী হোসেন (২২), মহরম মিয়া (৩০), মোমেন হোসেন (২৮), দুলাল (৩২), আসমত আলী (৪২), দুলা মিয়া (২৮) ও সফিকুল আলমকে (২৭) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জহির মিয়াকে (১৮) ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের বলেছেন, জুয়া খেলার ব্যাপারটি আমার জানা নেই। গ্রামে আধিপাত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, পুলিশের প্রত্যক্ষ মদদে গ্রামে দীর্ঘদিন থেকে জুয়া খেলার আসর বসছে।