ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন প্রতিরোধ কমিটি করবে মহাজোট
২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে ভোট কেন্দ্রভিত্তিক প্রতিরোধ কমিটি করবে মহাজোট।
সোমবার রাতে আব্দুল জলিলের বাসায় মহাজোটের সমন্বয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন,“প্রয়োজন হলে ১০ তারিখের সমাবেশ থেকে লাগাতার কর্মসূচী ঘোষণা করা হবে।”
জলিল বলেন, “মঙ্গলবার দেশব্যাপী অবরোধের পাশাপাশি সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন শুরু হবে। অবরোধ ও ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গণগ্রেপ্তার অভিযান চালায় এবং বাধা দিতে গিয়ে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব ঘটায় তবে তার সম্পূর্ণ দায়দায়িত্ব রাষ্ট্রপতি ও তাদের নিতে হবে।”
তিনি বলেন, “আমরা এই বৈঠক থেকে অবিলম্বে ২২ জানুয়ারির নির্বাচন বন্ধের আহ্বান জানাচ্ছি।”
তিনি সোমবার অবরোধ কর্মসূচি চলার সময় মহাজোট নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, পুলিশ দলীয় বাহিনীর মতো আচরণ করেছে। পুলিশের আইজি ও কমিশনারের আচরণ দেখে মনে হচ্ছে তারা একটি চিহ্নিত গোষ্ঠীকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি হলে তার দায়দায়িত্ব আইজি ও কমিশনারকে নিতে হবে।
আব্দুল জলিল সোমবার সন্ধ্যায় বারিধারায় এলডিপির প্রচার কার্যালয়ে বোমা হামলার নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করলে তারা বিএনপি প্রার্থী মেজর কামরুল ইসলামের বাসায় আশ্রয় নেয়।
জলিল বলেন, বুধবার পল্টনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মহাজোটের সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সাবেক দুই রাষ্ট্রপতি এইচএম এরশাদ, বদরুদ্দোজা চৌধুরী এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ মহাজোট নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
