আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান অস্ট্রেলিয়ার
বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আলোচনা ও সমঝোতার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাওনার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান।
ডাওনার বলেন “আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের একটি পথ বের করুন যাতে বাংলাদেশের জনগণের স্বার্থরক্ষা হয়; একই সাথে দেশে একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে।” তিনি সব দলের প্রতি সংঘাতের পথ পরিহার করারও অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার দূতাবাস সোমবার তার বিবৃতিটি প্রকাশ করেছে।
আওয়ামী লীগের নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, “আমি উদ্বেগ নিয়ে দেখছি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটা যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে একমত হতে পারছে না।” সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে অনেক দলের আংশগ্রহণ একটি গণতান্ত্রিক সমাজের প্রধান শর্ত বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এশিয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি পরিচালনায় তহবিল যোগান দিচ্ছে অস্ট্রেলিয়া।” অসএইড এর আর্থিক সহায়তায় এবং অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনের ‘ব্রিজ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের কারিগরি ও কর্মদক্ষতা আরো বাড়তেও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন “অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে বাংলাদেশের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”
