২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের আশপাশে মিছিল সমাবেশ নিষিদ্ধ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মঙ্গলবার দেশব্যাপী অবরোধের পাশাপাশি বঙ্গভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার মধ্যরাত থেকে বঙ্গভবনের আশপাশের এলাকায় মিছিল, সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ডিএমপি কমিশনার এবিএম ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত এলাকা। ঘেরাও/অবস্থান কর্মসূচির কারণে সেখানকার নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সোমবার নির্দিষ্ট সীমারেখার মধ্যে অবস্থিত এলাকায় সোমবার মধ্যরাত ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, বিস্ফোরক, অন্যান্য ক্ষতিকারক ও দোষনীয় দ্রব্য বহন এবং যে কোনও ধরনের সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ঘেরাও ও অবস্থান নিষিদ্ধ করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে বঙ্গভবনের দক্ষিণে ইত্তেফাক মোড় হতে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, জয়কালী মন্দির হয়ে আহাদ পুলিশ বক্স, পশ্চিমে আহাদ পুলিশ বক্স হতে গুলিস্তান ক্যানন পয়েন্ট, ভাসানী হকি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন রাস্তা হয়ে বায়তুল মোকাররম মসজিদ, উত্তরে বায়তুল মোকাররম মসজিদ হতে শিল্প ব্যাংক ২৪ তলা ভবন, বিমান অফিস, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় হয়ে আলিকে বিল্ডিং এবং পূর্বে আলিকো বিল্ডিং হতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং হয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিহ্নিত সীমানার মধ্যে সব এলাকা, রাস্তা, মাঠ, গলিপথ ও ফুটপাত নিষেধাজ্ঞার আওতায় থাকবে।