সেনা প্রহরায় বন্দর থেকে কিছু পণ্য সরবরাহ
অবরোধকারীদের অগোচরে বিকল্প পথে চট্টগ্রাম বন্দর থেকে কিছু সাধারণ পণ্য ও কনটেইনার সেনা ও বিডিআর প্রহরায় সরবরাহ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে বিকল্প পথে পণ্য সরবরাহের এ বিষয়টি বিকেল পর্যন্ত গোপন রাখে কর্তৃপক্ষ।
কোনো হরতাল বা অবরোধে এই প্রথম বন্দর থেকে সেনা প্রহরায় পণ্য সরবরাহ হলো। এর আগে এমন নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেয়া হলেও কর্তৃপক্ষ তাতে সফল হয়নি।
বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন সন্ধ্যা ৭টায় নফহবংি২৪.পড়স কে জানান, “অবরোধের মধ্যেই বেশ কিছু কনটেইনার সরবরাহ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।”
এ ব্যাপারে বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল ফিরোজ আহমেদ বলেন, “বন্দরের সিসিটি থেকে নব নির্মিত পোর্ট এক্সেস রোড দিয়ে ৫০টি কনটেইনার স্থানীয় দুটি বেসরকারি আইসিডিতে পাঠানো হয়েছে। তাছাড়া সাধারণ পণ্যবোঝাই ৫০টি ট্রাকও সেনা প্রহরায় বন্দর থেকে বের হয়ে গেছে।”
তবে যেসব কনটেইনার স্থানীয় দু’টি আইসিডিতে সরবরাহ করা হয়েছে সেগুলো খালি নাকি পণ্য বোঝাই তা নিরাপত্তা পরিচালক নিশ্চিত করে বলতে পারেননি।
সাধারণত বন্দর থেকে বেসরকারি আইসিডিতে আমদানি পণ্যের কনটেইনার স্থানান্তর করা হয় না।
তিনি আরো জানান, “বন্দর থেকে চট্টগ্রামের ভেতরে ও বাইরে পণ্য পরিবহনের নিরাপত্তা বিধানে সেনা বাহিনীর দুজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে দুটি টাস্ক ফোর্স কাজ করছে।
চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহণের ক্ষেত্রে ফেনীর শুভপুর ব্রীজ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে চট্টগ্রাম সেনানিবাস। সেখান থেকে পরবর্তী গন্তব্য পর্যন্ত দায়িত্বে থাকবে কুমিল্লা সেনানিবাস।”
তিনি বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ জন্য সেনা বাহিনীর কয়েকটি অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে।”
