প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি আইনজীবী পরিষদের
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে সংবিধানের নির্দেশনা অনুযায়ী একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অ্যাডভোকেট এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের জরুরি সভার সিদ্ধান্তে একতরফা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব না নিয়ে নিজেদের সম্মান রক্ষায় সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করারও আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম, বার কাউন্সিল সদস্য পি সি গুহ, রহমত আলী প্রমুখ।
সভার সিদ্ধান্তে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি ও নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবির পাশাপাশি রিটার্নিং ও পোলিং অফিসারদের নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
হাইকোর্ট বিভাগের নির্দেশ উপেক্ষা করে গণগ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সবাইকে মুক্তি দিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়।
এছাড়া মানুষের রাজনৈতিক অধিকার হরণে পুলিশ, বিডিআর, র্যাব ও সেনাবাহিনীকে ব্যবহার ও তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে অবিলম্বে এসব ষড়যন্ত্র থেকে বিরত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
ব্যারিস্টার আমীর উল ইসলাম সভায় বলেন, ইয়াজউদ্দিনের সরকার মানে খালেদা জিয়ার সরকার। এ সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দলীয়করণ, বিচার বিভাগের স্বাধীনতাকে বিনষ্ট করা হয়েছে। এখন আইনজীবীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারেন এবং মানুষ যাতে আইনের আশ্রয় না পায় সে জন্য আইনজীবীদের বিরুদ্ধে মামলা হামলা হচ্ছে।
আবদুল মতিন খসরু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। ইয়াজউদ্দিন অবিবেচক, বিবেকহীন। বিগত আন্দোলনে ৭০ জন মানুষ মারা গেছে। সামনের নির্বাচনে ৭শ’ মানুষ মারা যেতে পারে। এ নির্বাচনের মাধ্যমে দেশে খুনি সরকার প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।
