২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে মোতায়েন সাড়ে ১৭ হাজার সেনার চারটি বিশেষ দায়িত্ব

সারাদেশে মোতায়েন করা সেনা নৌ ও বিমান বাহিনীর মোট সাড়ে সতের হাজার সদস্যকে জনসাধারণের জান--মাল রক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এ চারটি দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পরিস্থিতির প্রয়োজনে এবং সরকার চাইলে যে কোনো সময় সেনাদের সংখ্যা বাড়তে বা কমতে পারে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আই এস পি আর) সূত্রে জানা গেছে।

আই এস পি আর সূত্র জানায়, ‘ইন এইড অব সিভিল পাওয়ার’-এ সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে এসব সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব সদস্য গত ১০ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, দুটি আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম বন্দর এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে দায়িত্ব পালন করছে।

মোতায়েন করা সেনা সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ১৬ হাজার, নৌ বাহিনীর এক হাজার এবং বিমান বাহিনীর ৫০০ সদস্য রয়েছেন বলে সূত্র জানায়। মোট সেনা সদস্যদের মধ্যে শুধু রাজধানী ঢাকায় ২২ টি পয়েন্টে মোতায়েন রয়েছে স্বশস্ত্র বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরে মোতায়েন রয়েছে বিমান বাহিনীর ৫০০ সদস্য।

চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, নোয়াখালী, ভোলা এবং বাগেরহাটসহ সমূদ্রোপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌ বাহিনীর এক হাজার সদস্য।  

আই এস পি আর এর ভাষায় নয় নম্বর ডিভিশনে (সাভার) দুই হাজার , ১১ নম্বর ডিভিশনে (বগুড়া) আড়াই হাজার, ১৯ নম্বর ডিভিশনে (ঘাটাইল) এক হাজার, ২৪ নম্বর ডিভিশনে (চট্টগ্রাম) এক হাজার, ৩৩ নম্বর ডিভিশনে (কুমিল্লা) সাড়ে তিন হাজার,  ৫৫ নম্বর ডিভিশনে (যশোর) দেড় হাজার, ৬৬ নম্বর ডিভিশনে (রংপুর) দুই হাজার, এয়ার ডিফেন্স (সেনা ঢাকা) ব্রিগেডে এক হাজার, ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে (ঢাকা) এক হাজার, সিগনাল ব্রিগেডে (ঢাকা) পাঁচ শত এবং পদাতিক ব্রিগেডে (স্বতন্ত্র-ঢাকা) দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে সারাদেশে।    

আই এস পি আর সূত্র অনুযায়ী এসব সদস্য নির্দেশ না পাওয়া পর্যন্ত ব্যারাকে ফিরবেন না।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন ক্যাম্পে বালির বস্তা দিয়ে বাংকার বসিয়ে সশস্ত্র অবস্থানে রয়েছেন সেনা সদস্যরা। আই এস পি আর সূত্র জানিয়েছে ক্যাম্পের নিরাপত্তার স্বার্থে এসব বাংকার তৈরী করা হয়েছে।

মহাজোটের ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রোববার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মূলত সেনাবাহিনীই প্রধান ভূমিকা পালন করতে দেখা গেছে। রাজধানীর অধিকাংশ স্পর্শকাতর জায়গাগুলোতে সাঁজোয়া গাড়ি ও সমরাস্ত্র নিয়ে টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেনাসদস্যরা অবস্থান নেন।

এদিকে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সেনা সদস্য এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আই এস পি আর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আনিসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানা যাবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে যুগ্ম সচিব মজিবর রহমান জানান, “আজ রোববার থেকে প্রতিদিন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য সরবরাহ করা হবে।”