২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে অনির্ধারিত বৈঠক

নির্বাচন বর্জনের দাবিতে সারাদেশে যখন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের ডাকে অবরোধ চলছে ঠিক তখনই ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 02:14 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রোববার সকালে নির্বাচনী আইন-- শৃঙ্খলা বিষয়ক এই অনির্ধারিত উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক খোদা বক্শ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব আবুল করিম।

তারা সকাল সাড়ে ১০ টায় নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে এবং পরে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী দুই দফার এ বৈঠক শেষে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগামী ১০ থেকে ২৯ জানুয়ারি অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনে আইন-- শৃঙ্খলা রক্ষায় সারাদেশে সেনা মোতায়েন করা হচ্ছে।

গত শুক্রবারও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র সচিব নির্বাচন কমিশন সচিবের সঙ্গে একদফা অনির্ধারিত বৈঠক করেন।

এদিকে অবরোধ উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার সকাল থেকেই মোতাযেন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও বিডিআর। নির্বাচন কমিশন সচিবালয়ের আশপাশের সড়কগুলোতেও সেনা টহল দিচ্ছে।