২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, আরও ১১ জনের মৃত্যু

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশ মোড়ানো ছিলো ঘন কুয়াশার চাদরে। সড়ক ও নৌ-- যোগাযোগ হয়ে পড়ে বিপর্যস্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 11:40 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শীতজনিত রোগে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলমান এ শীতের দাপট আরও একদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের খবর।  

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

যশোর প্রতিনিধি জানান, জেলার কয়েকটি স্থানে শনিবার শীতজনিত রোগে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোর ২৫০ শয্যার হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত ৮ শিশুকে ভর্তি করা হয়েছে।

যশোর বিমান বন্দর আবহাওয়া অফিস জানায়, শনিবার জেলায় সর্বনিু তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি।

শনিবার খুব সকালে মাঠে কাজ করতে গিয়ে ঝিকরগাছা উপজেলার নোয়ালী ও মঠবাড়িয়া গ্রামের কৃষক আলতাফ হোসেন (৬০) এবং আব্দুল জলিল (৪৫) মারা যান। সাইকেলে চড়ে শ্বশুড় বাড়ি যাওয়ার সময় ঝিকরগাছার হাজিরালি মোড়ে মারা গেছেন যশোরের ডুমদিয়া এলাকার আব্দুল হাকিম (৪২)। শুক্রবার গভীর রাতে শহরের গাড়িয়াখানা সড়কে তীব্র শীতে বাবর আলী (৮০) নামে এক ভবঘুরের মৃত্যু হয়েছে। একই রাতে কেশবপুর উপজেলার বাগদা গ্রামের আতিয়ার রহমান (৫৫) নিজ বাড়িতে মারা যান। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলজার হোসেন (৪০) মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, তীব্র ঠাণ্ডায় হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার একলামশিয়া ও প্রি-একলামশিয়ায় আক্রান্ত ৯০ জন মা এবং ডায়রিয়া আক্রান্ত ৯০ শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি জানান, গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় শনিবার জেলার বিভিন্ন স্থানে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তারা হলেন, সদর উপজেলার চর ইসলামপুরের রাজামারিয়াকান্দি গ্রামের সুরবালা ঋষিদাস (৫৫), কালাছড়া গ্রামের মন্তাজ মিয়া (৫২) এবং নাসিরনগর উপজেলার কাহেতুরা গ্রামের মন্নর আলী (৫৪)।

গত কয়েক দিনে ব্রহ্মণবাড়িয়ার মানুষ সূর্যের দেখা পাচ্ছেন না। ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন পুরো জেলা শহর। শহরের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি কম। ছিন্নমূল মানুষরা ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কেনার জন্য ভীড় করলেও মোনাফালোভীরা অতিরিক্ত মূল্য হাকায় বিপাকে পড়েছেন তারা।    

পঞ্চগড় প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টায় তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দেমগজ গ্রামের মসলিমউদ্দিন (৫৫) ও শহরের মিলগেট এলাকার আজিজা (৬০) মারা গেছেন। এ নিয়ে জেলায় গত ৫ দিনে শীতজনিত রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ২০।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির মত কুয়াশা পড়েছে। সন্ধ্যার পর শহরের লোকজনের চলাচল কমে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন দেরিতে এসে পৌঁছায়।

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম বদিউজ্জামান বলেছেন, শীতে লোকজনের মারা যাওয়ার কোনো খবর তাদের কাছে নেই।

তবে তীব্র শীতে হাঁপানি ও ব্রংকাইটিজসহ শীতজনিত বিভিন্ন রোগ বেড়ে যায় এবং এতে বয়স্করা মারা যেতে পারে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা--খুলনা মহাসড়কের মুন্সীগঞ্জের মাওয়া--চরজানাজাত নৌ--রুটে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। শুক্রবার রাতে যাত্রীসহ ৪টি ফেরি পদ্মার বুকে আটকা পড়ে।

সকালের পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে এলেও সন্ধ্যা পর্যন্ত পদ্মার দুই পাড়ে শত শত যানবাহন আটকে ছিল।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ৯টার দিকে অবস্থা স্বাভাবিক হয়। 

মাওয়ায় যানজট তেমন প্রকট না হলেও চরজানাজাত প্রান্তের পরিস্থিতি দুর্বিষহ বলেও তিনি জানান।

ঘন কুয়াশার কারণে নৌ--যোগাযোগও ব্যহত হচ্ছে। ঢাকা--দক্ষিণাঞ্চল রুটের বিভিন্ন স্থানে ১২টি বড় লঞ্চ আটকে পড়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে শনিবার জেলার বিভিন্ন চরাঞ্চলে প্রায় ৩০টি লঞ্চ আটকা পড়ে।

এগুলোর মধ্যে রয়েছে পয়সারহাট--১, জামাল--১, অগ্রদুত--গ্লাস, পারাবত--১০, জাহিদ--৩, সৈকত--১৪, টিপু--৪, খেয়াপার ও গ্লোরি--অব--শ্রীনগর--১।

লঞ্চগুলো শুক্রবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসে। লঞ্চগুলোর শনিবার ভোর সাড়ে ৩ টায় পৌঁছার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তা ৮/১০ ঘন্টা দেরিতে চাঁদপুর পৌঁছে।

চাঁদপুর নদী বন্দরের উপ--পরিচালক আলমগীর কবির জানান, এখনও অনেক লঞ্চ-নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি।

ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না বলেও তিনি জানান।

এছাড়া লঞ্চ ও স্টিমার চলাচলে বিঘœ ঘটায় নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলও ব্যহত হচ্ছে। কারণ চাঁদপুর রেলওয়ে স্টেশন লোকসান এড়াতে স্টিমারের সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদের বিশেষ ট্রেনের সময়সূচি নির্ধারণ করেছে। কিন্তু গত কয়েকদিন ঘন কুয়াশার কারণে চাঁদপুর ঘাটে স্টিমার পৌঁছাতে দেরি হচ্ছে। ফলে চাঁদপুর রেলওয়ে যাত্রী সংকটে পড়ছে।

এ কারণে শনিবার ভোর ৫টায় চাঁদপুর থেকে ঈদের বিশেষ ট্রেন মাত্র ২১৮ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া চাঁদপুর থেকে চট্টগ্রামগামী বিশেষ ট্রেন রাত তিনটার জায়গায় দুপুর একটায় ছেড়েছে।

চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার আবু জাফর জানান, ঘন কুয়াশার কারণে স্টিমার পৌঁছাতে বেশি সময় লাগছে। ঈদের বিশেষ ট্রেনের সময়সূচি স্টিমারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাতে ঢাকা--খুলনা মহাসড়কের দৌলতদিয়া--পাটুরিয়া নৌ--পথে ফেরি চলাচল ৪ ঘন্টা বন্ধ ছিল।

রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফেরি না চলায় দক্ষিণ--পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা নৈশকোচের শত শত যাত্রী কনকনে হিমেল হাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন।

একই কারণে রেল যোগাযোগও ব্যহত হয়। গাঢ় কুয়াশায় খুব ধীরে চলার কারণে খুলনা থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী ২৫ নম্বর আপ ট্রেনটি ৩ ঘন্টা ৩৫ মিনিট এবং রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে রাজবাড়ী পৌঁছে।

পাটুরিয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ঈদ--ফেরত রাজধানীমুখী হাজার হাজার মানুষ যানবাহনের অভাবে বিপাকে পড়েন। তাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চে নদী পার হয়ে এপারে এসে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন।

দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের অনেকেই বাসের ছাদে আবার কেউ কেউ ট্রাকে চড়েই রাজধানীর উদ্দেশ্যে রওনা হন।