২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, ২৮ জনের মৃত্যু

ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 09:14 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

কুয়াশার কারণে চাঁদপুরে অর্ধশত লঞ্চ আটকা পড়ে। মানিকগঞ্জের দৌলতদিয়া--পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার রাত থেকে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই কারণে মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটেও ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সন্ধ্যার পর যানজট কিছুটা হালকা হলেও শুক্রবার রাত ১০ টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া--পাটুরিয়া এবং মাওয়ার চর জানাজাত রুটে আবারো ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। পাটুরিয়া ঘাটে বর্তমানে শতাধিক পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী প্রায় দেড়শ’ যানবাহন আটকা পড়ে রয়েছে। এর উপর রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নৈশ কোচগুলো ঘাটে পৌঁছানোর পর আবারো ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে।

ঘন কুয়াশার কারণে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা--রাজশাহী মহাসড়কেও দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে।          

শুক্রবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও যশোরে ছিল ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ ২৫ দশমিক ২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। 

ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আরও দুদিন চলবে এ শৈত্যপ্রবাহ। এ ছাড়া জানুয়ারি মাসের ১০-- ১৫ ও ২০-- ২৫ তারিখ দেশের উত্তর-- পশ্চিমাঞ্চলে মাঝারী থেকে তীব্র এবং দেশের অনান্য স্থানে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘনকুয়াশার কারণে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। হংকংগামী একটি ফ্লাইট বেলা সাড়ে ১১ টায় ছাড়ার কথা থাকলেও দুপুর ৩ টায় তা রওনা হয় এবং কাঠমান্ডুর ফ্লাইটটি পৌনে দুইটার জায়গায় রওনা হয় সোয়া ৩টায়।

সাতক্ষীরা, পাবনা, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, প্রচণ্ড শীতে শিশু ও বৃদ্ধসহ আটজন মারা গেছে। এরা হলেন, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের নুরজাহান বেগম (৬৬), পাটকেলঘাটা থানার ময়নুদ্দিন (৭০) ও বাবু (১), কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের নাসিরউদ্দিন (৭১), ঝাপাঘাট গ্রামের আবদুল হাই সরদার (৬৯) ও মোবারক আলী (৬৯), সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরাখি গ্রামের মজনু (১) ও পলাশপোলের রহিমা বেগম (৭১)।

এ ব্যাপারে জেলা প্রশাসক কেফায়েতউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কিছুই জানেন না। তবে জেলার সাতটি থানায় এক হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলা সিভিল সার্জন আবু আল মুনসুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, শীতের কারও মৃত্যুর খবর তিনি পাননি। কোনো চেয়ারম্যান বা মেম্বার কেউই তার সঙ্গে যোগাযোগ করেনি।

পাবনা প্রতিনিধি জানান, প্রচণ্ড শীতে বৃহস্পতিবার রাতে পাবনায় সাত জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাতিয়া গ্রামের ইয়াজউদ্দিন (৭৫), ঈশ্বরদী শহরের হাফিজুর রহমান (৬০), বরকাতরা গ্রামের রবিউল মিয়া (৬৫), মাঝগ্রামের ছবুরা খাতুন (৫১), ছলিমপুর ইউনিয়নের আজমত আলী (৩০) ও কছিমপুর গ্রামের সালমা বেগম (৫৫) এবং ঈশ্বরদী উপজেলার হজলিয়া গ্রামের আফাজউদ্দিন (৬০)।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আজমল হোসেন সাতজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এরা মারা গেছেন। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু ও বৃদ্ধ।

ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও হাড় কাঁপানো শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বেলা ১২টা পর্যন্ত সুর্যের মুখ দেখা যায়নি।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, গত ৪৮ ঘন্টায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন উলিপুর উপজেলার পান্ডুলের ঢেকিয়ার গ্রামের আব্দুল শেখ (৬০), বামনছড়া গ্রামের আনছার আলী (৬৫), তবকপুরের সাদ্যুলা গ্রামের হাকিমউদ্দিন (৫৫), ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের আকলিমা বেওয়া (৬৫) এবং রাজিবপুর উপজেলার আলী (৫৫)।

এ নিয়ে চলতি মৌসুমে কুড়িগ্রামের মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪।

কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের কারণে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়েছে। কোল্ড স্ট্রোকে আক্রান্ত  হওয়ার ঘটনাও ঘটছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, চিতলমারী ও সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে তিনজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন চিতলমারী উপজেলার আড়–য়া বর্ণি গ্রামের আমেনা বেগম (৫৫), শিবপুর গ্রামের   কাঞ্চন শেখ (৫৫) এবং সদর উপজেলার হালিশহরের নিহাড়ীকা বিশ্বাস (৯০)।

তবে জেলা সিভিল সার্জন জিল্লুর রহমান বলেছেন, সংশ্লিষ্ট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের কোন রোগী ভর্তি বা মারা যায়নি। 

জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের কোন মৃত্যুর খবর আমি শুনিনি। তবে চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীতিশ রঞ্জন সরকারকে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।”   

পঞ্চগড় প্রতিনিধি জানান, চারদিনের ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ কেটে গিয়ে শুক্রবার দুপুরে সুর্যের মুখ দেখা গেলেও গত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টির মত কুয়াশা পড়ে।

শীত ও শীতজনিত রোগে শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়ার লতিফা বেওয়া (৯০) এবং হাড়িভাসা ইউনিয়নের দামুপাড়ার জসিমন নেছা (৭০) নামে দুই বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে গত চার দিনে জেলায় শীত ও শীতজনিত রোগে ১৮ জন মারা গেল।

তবে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ কেউই শীতের কারণে কারও মারা যাওয়ার কথা স্বীকার করেনি।

পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ইতিমধ্যে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দিন নিজেই কিছু এলাকায় বৃহস্পতিবার রাতে এসব কম্বল বিতরণ করেন। তিনি জানান, আরও দুই হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত ফাঁড়িতে স্থাপিত একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে। ফলে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে গেলেও সঠিক তাপমাত্রা জানা সম্ভব হচ্ছে না। ক্ষুব্ধ লোকজন আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রটি চালু করার দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শীতের তীব্রতায় জেলার বিভিন্ন স্থানে শিশু ও বৃদ্ধদের মধ্যে কোল্ডস্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া এবং হাঁপানির প্রকোপ দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত দুদিনে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার রাত নয়টায় পৌর এলাকার হুজরাপুরের আবদুল খালেকের গর্ভবতী স্ত্রী রাজিয়া সুলতানা (২০) এবং শুক্রবার সকাল সাতটায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর গ্রামের ফাইমুদ্দিনের ছেলে দুরুল হুদা (৩৫) মারা গেছেন।

সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শুক্রবার দুপুর পর্যন্ত ১শ’ শয্যার হাসপাতালে মোট ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী ৯ জন এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা ২০ জন।

তীব্র শীতের কারণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. ফকরুল ইসলাম বলেন, “জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি শিশুদের সাবধানে রাখা এবং ডায়রিয়া হলে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন পান করানোর পরামর্শ দেন।  

নীলফামারী প্রতিনিধি জানান, গত পাঁচদিনে সুর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা।

কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবার ডিমলার খরখরিবাড়ি ইউনিয়নের বন্দরখড়িবাড়িতে আবদুল গনি (৬২) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসন শীতার্তদের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়া ঘাট থেকে বৃহস্পতিবার রাত ১১টায় ছেড়ে যাওয়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ভাষা শহীদ বরকত নামের দুটি ফেরি ২৪টি কোচ ও দেড় হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফেরি দুটি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা আরিচা মহাসড়কে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ যানজট ও দৌলতদিয়া--রাজবাড়ি সড়কে প্রায় পাঁচ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল ৯টার পর কুয়াশা কাটলেও বিকাল পর্যন্ত পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত হয়নি।

প্রচন্ড শীতে কষ্ট পাওয়া যাত্রীদের দুর্ভোগ কমানোর চিন্তা করে ফেরি ঘাট কর্তৃপক্ষ সকাল থেকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করে।  পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট মিলিয়ে প্রায় দেড় হাজার পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে জেলার মাওয়া ফেরিঘাটে শুক্রবার ১০ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।

কনকনে শীতের মধ্যে কয়েকশ’ যাত্রীসহ পদ্মায় রাণীক্ষেত, রায়পুরা, ছোবাল, লেন্টিন, কাকলী, কস্তুরী, করবী ও কিশোরী নামে আটটি ফেরি আটকা পড়ে।

রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পাড়ে যানজট ক্রমেই বাড়ছে। আর মাওয়ার অপর প্রান্তে চর জানাজাতের অবস্থা আরও ভয়াবহ। শত শত গাড়ি ঢাকায় আসার জন্য ফেরিঘাটে অপেক্ষমান আছে। আটকা পড়েছে বহু পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত পদ্মা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় ফেরী চলাচল পুরো বন্ধ রাখতে হয়। পরে চালানো হলেও ঘন কুয়াশার কারণে দ্রুত চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে যানজট বেড়ে রাতে ভয়াবহ আকার নিয়েছে।

এদিকে ফেরিতে গাড়ি উঠানোর সিরিয়াল আগে দেওয়ার নামে বিআইডব্লিউটিসির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা--কর্মচারি গাড়ি প্রতি ২শ’ টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ব্যাবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন।     

চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ঘন কুয়াশায় কবলে পড়ে চাঁদপুর জেলার বিভিন্ন চরে প্রায় অর্ধশত লঞ্চ আটকা পড়ে।

চাঁদপুর নৌ-- টার্মিনাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে শুরু করে। এর ফলে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ রুটসহ বিভিন্ন রুটে এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী বরিশাল, লালমোহন, খুলনা, ভোলা, ঝালকাঠী, বাগেরহাট, পাতারহাট, হুলারহাটসহ বিভিন্ন রুটের লঞ্চ চাঁদপুরের বিভিন্ন চরে আটকা পড়ে।

আটকেপড়া উল্লেখ্যযোগ্য লঞ্চগুলোর মধ্যে টিপু, আঁচল, জামাল, এমভি বাগেরহাট-- ১, এমভি রউফসহ প্রায় ৮/১০ ঘন্টা চরে আটকে থাকার পর শুক্রবার সকাল ৭টার পর থেকে বিভিন্ন গন্তব্যে যেতে শুরু করে।

চাঁদপুর নৌ-- টার্মিনালের বন্দর কর্মকর্তা আলমগীর কবির বলেন, ঘন কুয়াশার কারণে চাঁদপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগেছে বলে তারা খবর পেয়েছেন।

তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনেক লঞ্চ গন্তব্যে পৌঁছাতে পারেনি।

চাঁদপুর লঞ্চঘাটের টিআই সোলেমান জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি রো রো রাত পৌনে ১২টায় ছাড়ে। কিন্তু ওই লঞ্চটি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুর এসে পৌঁছায়। লঞ্চটির রাত পৌনে ৪টায় চাঁদপুরে পৌঁছানোর কথা ছিল। একই অবস্থা অন্যান্য লঞ্চেরও।

তিনি আরও জানান, এমভি আল বোরাক চাঁদপুর থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ঘাট ছেড়ে যেতে পারেনি। পরে সকাল সোয়া ১০টার দিকে বোরাক ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। ফলে পদ্মার দুই তীরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, সকাল ৯টায় কুয়াশা কেটে যাওয়ার পর যানজট এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিশেষ ব্যবস্থা নিয়ে দুপুরের মধ্যে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়। তবে বিকাল ৫টা নাগাদ দৌলতদিয়া ঘাটে প্রায় দুইশ মালবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

প্রাকৃতিক দুর্যোগ বা ঘন কুয়াশা দেখা না দিলে রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।

পটুয়াখালী প্রতিনিধি জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা দূরপাল্লার বাস ও কোচ ঘন কুয়াশার কারণে সময়মতো পৌঁছতে না পারায় শুক্রবার সকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়েনি।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো কুয়াশায় আটকে থাকার কারণে ৪/৫ ঘন্টা  দেরিতে গন্তব্যে পৌঁছেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। আগামী  দু’ তিন দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

রাজশাহী প্রতিনিধি জানান, ঘন কুয়াশা  ও প্রচন্ড শৈত্য প্রবাহে রাজশাহীর জনজীবন অচল হয়ে পড়েছে।

নগরীর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, নিউ মার্কেট ও সাহেব বাজার এলাকায় গরম বস্ত্রহীন ছিন্নমূল মানুষদের অসহায় অবস্থায় শীতে জড়োসড়ো হয়ে রাত্রী যাপন করতে দেখা গেছে। সকালে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে ছেলে-- বৃদ্ধদের শরীর গরম করতে দেখা যায়।

বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরী ছিল কুয়াশার চাদরে ঢাকা। বেলা ১১টার পর কুয়াশা কমলেও বিন্দুমাত্র কমেনি শীতের প্রকোপ। শীত থেকে রক্ষা পেতে বিত্তবান থেকে শুরু করে দরীদ্র মানুষেরা সারাদিনই গরম কাপড় কেনার জন্য ভীড় জমায় নগরীর বিপনী বিতান ও গাউন পট্টিতে গুলোতে।

বৃহস্পতিবার রাজশাহীর তাপমাত্রা ছিল সর্বনিু ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্র ছিল ৯ দশমিক ৪। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে বিকেলে বাতাসে আর্দ্রতা কমেছে। গত বুধবার রাজশাহীতে এ মৌসুমের সর্বনিু তাপমাত্রা ছিল ৮ ডিগ্রী সেলসিয়াস।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে আসা অভিভাবকরা এই কনকনে শীতের মধ্যে ওয়ার্ডের বারান্দায় কষ্ট ভোগ করছেন। হাসপাতাল সূত্র জানায়, কনকনে ঠান্ডার কারণে এজমা রোগীদের ভীড় বেড়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, কনকনে শীতে পুরো জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে।

প্রচন্ড শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ কাবু হয়ে পড়েছেন। শীতবস্ত্রের বাজারে ভিড় বেড়েছে। বেড়েছে পুরান কাপড়ের দোকানের বেচাকেনাও।

শুক্রবার ভরদুপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল পুরো জনপদ। বিকেল থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যার পরই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে।