শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, সারাদেশে ১৭ জনের মৃত্যু
দেশজুড়ে শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। উত্তরের পঞ্চগড়, কুড়িগ্রাম এবং দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় গত ২৪ ঘন্টায় শীতজনিত বিভিন্ন রোগে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল দক্ষিণ বাংলার যশোর ও চুয়াডাঙ্গায়। এ দুটো জেলাতেই তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এই মৌসুমে এটাই আবহাওয়া অফিসে রেকর্ডকৃত সর্বনিু তাপমাত্রা। ঢাকায় বৃহস্পতিবার সর্বনিু তাপমাত্রা ছিল সাড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় সারাদিনও সূর্যের দেখা মেলেনি। মাঝে দু একবার দেখা মিললেও স্থায়ী হয়নি বেশিক্ষণ। হঠাৎ ঠাণ্ডায় রাস্তাঘাটে লোক চলাচলও ছিল অন্যান্য দিনের তুলনায় কম।
আবহাওয়া দপ্তরের ডিউটি ফোরকাস্টিং কর্মকর্তা জানান, দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি একটি শৈত্যপ্রবাহ যা আরও দুয়েকদিন থাকবে। রাজধানী ঢাকাসহ রাজশাহী, সিলেট, উত্তরের জেলাগুলো এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলে এ শৈত্যপ্রবাহ বইছে। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গ্ইাল, ফরিদপুর ও মাদারীপুরেও তীব্র শীতের খবর পাওয়া গেছে।
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর তীব্র শৈত্য প্রবাহ অব্যাহত ছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রাও স্থবির হয়ে পড়ে। শীত ও শীতজনিত রোগে গত ২৪ ঘন্টায় দুজন শিশুসহ আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরা হলেন, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাবুরামজোত গ্রামের সওদাগর (৬০), সরকার পাড়া গ্রামে রাজুর বৃদ্ধ মা (৬০), আবদুর রহমান (৬০), পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানীপাড়া গ্রামের সোলেমান (৬০), খপড়াবান্ধি এলাকার মালেক (৬৫), শেখের হাট বামনপাড়ার জয়নুল হকের শিশু সন্তান, রেল স্টেশন এলাকার এক ভাড়াটে মহিলা, পঞ্চগড় শহরের খালপাড়া এলকার এক শিশু।
তবে শীতে মারা যাওয়ার কোন রিপোর্ট পাননি বলে জানান পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম বদরুজ্জামান। তিনি বলেন, তীব্র শীতে বয়স্কদের হাঁপানি, ব্রংকাইটিসসহ বাতজাতীয় বিভিন্ন শীতজনিত রোগ বেড়ে যাওয়ার কারণে অনেকের মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মাঠকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া অসচেতনতার জন্য অনেক নবজাতক শিশুরও মারা গিয়ে থাকতে পারে।
জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন জানান, শীত ও শীতজনিত রোগে কারও মারা যাওয়ার তথ্য তাদের কাছে নেই।
তেঁতুলিয়ার উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ও বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানিয়েছেন, তাদের এলাকায় শীতজনিত রোগে অনেকে মারা গেছেন।
তারা আরও জানান, সরকারিভাবে মাত্র ৬৩ টি কম্বল পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রতিদিন অসংখ্য দরিদ্র মানুষ কম্বলের জন্য ইউনিয়ন পরিষদ অফিসে ভিড় করছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত তিনদিনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উত্তরের কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার ৭ লাখ হতদরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার দিনভর জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। প্রকৃতি ছিল ঘন কুয়াশায় ঢাকা। এদিকে দিনমজুর ও শ্রমজীবী মানুষ দুদিন থেকে কাজে যেতে না পারায় তীব্র খাদ্য সংকটে পড়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত তিন দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নটানপাড়া গ্রামের ৭ দিনের শিশু বেবী, চাকতাবাড়ী গ্রামের দিলরাজ (৫০), উজান ঝগড়ার চর গ্রামের আব্দুর রশীদ (৪০) ও মির্জাপাড়া গ্রামের আমিনা বেগম (৪৫)।
এ ছাড়া রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে বুধবার রাতে ইমান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা হাসপাতালে চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, তীব্র শীতের কারণে জেলা ত্রাণ দপ্তর বৃহস্পতিবার বিভিন্ন উপজেলায় মোট দুই হাজার পিস কম্বল বরাদ্দ দিয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল।
নীলফামারী প্রতিনিধি জানান, তীব্র শীতে ‘কোল্ডস্ট্রোক’ এ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শীতজনিত রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬।
ঘন কুয়াশার কারণে গত চারদিন জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। খড়--কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিু আয়ের মানুষ। চরাঞ্চলের মানুষের জীবন আরো বেশী দুর্বিষহ হয়ে উঠেছে। চরাঞ্চলের হাজার হাজার বস্ত্রহীন মানুষ শীত বস্ত্রের অভাবে বিনিদ্র রাত কাটাচ্ছেন।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ডোমার উপজেলার দক্ষিণ বোড়াগাড়ির মাহিগঞ্জ গ্রামের সোবহান (৭৬), বুধবার বিকেলে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাংমারী খেতুপাড়ার জাহেদা খাতুন (৮০), একই দিন রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের আব্দুল মজিদ (৮৫), ছমির উদ্দীন (৭৮), আব্দুল হাকিম (৭৫) ও ডোমার উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের কেতকিবাড়ী গ্রামের আফাজন বেওয়া কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রহিম জানান, তীব্র শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিভাগীয় মেডিকেল টিম মাঠে রয়েছে। তবে কোল্ডস্ট্রোকে মৃত্যুর কোন খবর তার জানা নেই বলে তিনি জানান।
ব্যাপক কুয়াশার ফলে আলু ও গমসহ রবি ফসলের মারাত্বক ক্ষতির আশংকা প্রকাশ করেছেন নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ--পরিচালক সাখাওয়াৎ হোসেন।
জেলা প্রশাসক কার্যালয় জানায়, ১০ হাজার কম্বল চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠানোর পর বৃহস্পতিবার দুই হাজার শীতবস্ত্র পাওয়া গেছে। কিন্তু চাহিদার তুলনায় তা খুবই কম।
খুলনা প্রতিনিধি জানান, শীতের তীব্রতায় জেলার দাকোপ উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তবে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সূত্র জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত দুইটার দিকে দাকোপ উপজেলার কালাবগী গ্রামের মকবুল গাজীর (৭০) মৃত্যু হয়েছে। এ ছাড়া উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বুড়ির ডাম্বর গ্রামে একই দিন রাতে অপু রায় নামে চার মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের অমল রায়ের ছেলে।
তবে দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকবর আলী বলেছেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দুজনের মৃত্যুর কথা লোকমুখে শুনেছেন। তবে হাসপাতালে এ ধরনের কোন রোগীর মৃত্যু হয়নি।
জয়পুরহাট প্রতিনিধি জানান, গত ৩/৪ দিন ধরে জেলার ওপর দিয়ে প্রচন্ড শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈদের দিন থেকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর এখন পর্যন্ত জেলার কোথাও দিনের বেলায় সূর্যের মুখ দেখা যায়নি। ঈদের পর শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করলেও শীতের কারণে লেনদেনে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি। নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততম সড়কগুলো জনশুন্য হয়ে পড়ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় মোট ২৯ জন ডায়রিয়ায় এবং ২ টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত তিন দিনে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে মোট ৬১ জন জেলা আধুনিক হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা প্রতিদিন কমছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং বৃহস্পতিবার তা ১১ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। তাপমাত্রা আস্বাভাবিক কমে যাওয়ায় চলতি মৌসুমের বোরো বীজতলা ও আলুসহ বিভিন্ন রবিশস্য চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
যশোর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার জেলা যশোরে সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল।
শীতের তীব্রতায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। তবে শীতের প্রকোপে সাধারণ মানুষ কাবু হলেও ঠাণ্ডাজনিত কারণে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। যশোর ২৫০ শয্যার হাসপাতালের রেজিস্ট্রার এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম খসরু বলেন, “সাধারণত প্রচন্ড ঠান্ডায় শিশু ও বয়োজ্যেষ্ঠরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। বাচ্চাদের হয় কোল্ড ডায়রিয়া।” যশোরের ৮ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য বা কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। তবে তাপমাত্রা কমতে থাকলে আগামীকাল থেকে হাসপাতালে রোগী আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রাজশাহী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তর পুর্বাভাস দিয়েছে।
