২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৬ পাট গুদামে আগুন

খুলনার দৌলতপুর এলাকায় গোল্ডেন, উত্তরা ও ইর্স্টান নামের তিনটি কোম্পানীর ৬টি ছোট বড় গুদামে আগুন লেগে সব পাট পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তিনটি কোম্পানীর মালিক পক্ষ থেকে নয় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওই আগুন লাগে। দমকলের ৯টি ও নৌবাহিনীর একটি গাড়ি ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই সময় দিঘালিয়া উপজেলার সেনহাটিতে একটি পাট বোঝাই নৌকায় আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে সঞ্জীব সাহার মালিকানাধীন ইর্স্টান জুট ট্রেডার্সের গুদামের বাইরে থাকা পাটের স্তুপে প্রথম আগুন লাগে। প্রচণ্ড বাতাসে সেই আগুন গুদামেও ছড়িয়ে যায়।

অল্প সময়ের মধ্যে রাস্তার উল্টো দিকে সুকান্ত বাবুর মালিকানাধীন গোল্ডেন জুট সাপ্লাই কোম্পানীর ৭ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এর পর পাশেই ইর্স্টানের চারটি ও উত্তরা জুট কর্পোরেশনের একটি গুদামে আগুন লাগে।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের টুটুপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর ইউনিটের সাতটি, যশোরের নওয়াপাড়া থেকে দু’টি এবং নৌ দমকলের একটিসহ মোট ১০টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে।

বিকাল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে গুদামের সব পাট পুড়ে ছাই।

দমকল বিভাগের অতিরিক্ত পরিচালক গোলাম রহমান জানান, ইর্স্টান জুট ট্রেডার্সের আগুন কিভাবে অন্য গুদামগুলোতে ছড়ালো সেটা তদন্ত করে দেখা হবে।

ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করতে আরও সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

তিন গুদামের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে কর্মচারীরা নাম প্রকাশে না করার শর্তে বলেন, ইর্স্টান জুট ট্রেডার্সের পাঁচ কোটি, উত্তরার দুই কোটি ও গোল্ডেন জুট সাপ্লাই কোম্পানীর দুই কোটি টাকাসহ মোট নয় কোটি টাকার পাট পুড়ে গেছে।