ভোটার তালিকা ছাড়া নির্বাচন প্রহসন: ইনু
ভোটার তালিকা ছাড়া ২২ জানুয়ারির নির্বাচন প্রহসন, অবৈধ। রাষ্ট্রপতি নিজেই সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সব সুযোগ ধ্বংস করে দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের প্রতিনিধি সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেছেন।
তিনি বলেন, বিএনপি-জামাতের নীলনকশা অনুযায়ী ২২ জানুয়ারির অবৈধ নির্বাচন অনুষ্ঠানের যে কোনো অপপ্রয়াস প্রতিহত করা হবে। তিনি মহাজোটের নেতা-কর্মীদের জণগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার রক্ষায় ‘কেন্দ্রে কেন্দ্রে অবৈধ নির্বাচন প্রতিরোধ কমিটি’ গঠনের আহবান জানান।
ইনু শুক্রবার সারা দেশে বিক্ষোভ এবং ৭-৮ জানুয়ারি অবরোধ কর্মসূচি সফল করার জন্য মহাজোটের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানান।
ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ওবায়দুল কাদের, জাসদের শিরীন আখতার, বিমল বিশ্বাস, দিলীপ বড়–য়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ কে এম রহমতউল্লাহ, হাজী সেলিম প্রমুখ।
