৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে:ফজলুল হক
সরকার ক্ষমতা ছাড়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার জন্য সংবিধানে কঠিন শর্ত দেওয়া আছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের ফজলুল হক একথা জানান।
তিনি বলেন, কারো হাতে আলাদীনের চেরাগ নেই। ৯০ দিন অপরিবর্তিত রেখে সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
২২ জানুয়ারী একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে ফজলুল হক বলেন, যে কেউ এটা অনুমান করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই সব দল নির্বাচনে অংশ নিক।
নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নও এড়িয়ে তিনি বলেন, “ওদের নিরপেক্ষতার সংজ্ঞা দিতে বলেন।”
ভোটার তালিকা আইন অনুসারে করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “অতীতে কোনো দিন ভোটার তালিকা নিখুঁত ছিলনা। নির্বাচনে ভুল ত্র“টি পৃথিবীর বিভিন্ন দেশেই হয়ে থাকে। বাংলাদেশেও হয়েছে। প্রতিবেশী দেশেও হচ্ছে।”
সমস্যা সমাধানের জন্য কি করা যায় তা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে জানান ফজলুল হক। তিনি বলেন, বঙ্গভবনে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
