কারওয়ান বাজারে ১৪ দোকানে ডাকাতি
কারওয়ান বাজারের ক্রিসেন্ট মার্কেটের ১৪টি দোকানে দু’ঘন্টা ধরে ডাকাতি করা হয়েছে সোমবার রাতে। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
তেজগাঁ থানা পুলিশ জানিয়েছে, ঈদের দিন রাতে ১০/১২ ডাকাত মার্কেটের নিজস্ব রক্ষীদের মারধর করে হাত-পা বেঁধে রেখে দ্বিতীয় তলায় অবস্থিত হাজি স্টোর, আমিন অ্যান্ড ব্রাদার্স, তিতাস স্টোর, কুমিল্লা স্টোর, চাঁদপুর এন্টারপ্রাইজসহ ১৪টি দোকানে ডাকাতি করে। ডাকাতি শুরু হয় রাত ১টার দিকে এবং চলে রাত প্রায় ৩টা পর্য়ন্ত।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে মার্কেটের রক্ষীদের মধ্যে মো. মোস্তফা (৫৫), হেদায়েতউল্লাহ (৬৫), নূর হোসেন (৪৫), শাহ আলম (৪৮) ও আনসার উদ্দিনকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এ ব্যাপারে মনোয়ার হোসেন নামের এক দোকান মালিক তেজগাঁ থানায় মামলা করেছেন।
