চাঁদপুরে বাস চাপায় মহিলা নিহত
সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে চট্টগ্রামগামী বাসের নিচে চাপা পড়ে শনিবার এক মহিলা নিহত হয়েছেন।
নিহত খুরশিদা বেগমের (৪০) বাড়ি শাহারাস্তি উপজেলায়। খুরশিদা তিন ছেলে ও দুই মেয়ের জননী। তার স্বামী শাহরাস্তি বিলাস সুপার বাসের চালক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খুরশিদা বেগম মাহামায়ায় এক কবিরাজের বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার পথে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী বাস (চট্ট- ব- ২৩৩৯) তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা সড়ক অবরোধ করে রাখে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হক বিডিনিউজ২৪ডটকমকে জানান, স্থানীয় লোকজন কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে অবশ্য তারা তা তুলে নেয়।
