২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ পরিবারের আপত্তি, শিল্পমন্ত্রী ঢুকতে পারলেন না শহীদদের গ্রামে

শহীদ পরিবারগুলোর তীব্র আপত্তির মুখে পাবনার বেড়া উপজেলার বৃশালিকা গ্রামে ঢুকতে পারেননি শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। বৃশালিকা গ্রামটি মুক্তিযুদ্ধে শহীদদের গ্রাম হিসেবে পরিচিত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শনিবার বেড়া উপজেলায় শিল্পমন্ত্রীর অনেকগুলো কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। কথা ছিল তিনি বৃশালিকা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সে অনুযায়ী উপজেলা প্রকৌশল বিভাগ একটি ভিত্তি ফলকও নির্মাণ করে। কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসী তা ভেঙ্গে ফেলে। এরপর তারা মোড়ে মোড়ে কালো পতাকা ঝুলিয়ে দেন। শহীদদের গ্রামের মানুষের এই বিক্ষোভের খবর পাওয়ার পর শিল্পমন্ত্রী তার সফর স্থগিত করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বৃশালিকা গ্রামের অধিবাসী অধ্যাপক আবু সাইয়িদ বিডিনিউজ২৪ডটকমকে বলেন, বৃশালিকা গ্রাম শহীদদের গ্রাম। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পুরো গ্রাম মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। গ্রামের আটজন শহীদ হন, আহত হন শতাধিক। তাই স্বাধীনতাবিরোধী কাউকে এলাকাবাসী এখানে আসতে দিতে পারেন না।

উপজেলা প্রকৌশলী ছারোয়ার হোসেন ভিত্তিপ্রস্তর ভেঙ্গে ফেলার ঘটনার সত্যতা স্বীকার করেন।

তবে জামাতের নেতা--কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা জানান, মন্ত্রীর সরকারি কর্মসূচিতে বৃশালিকা গ্রাম অন্তর্ভুক্ত ছিল না। তাই সেখানে তার যাওয়ার প্রশ্নও ওঠে না। এটি পূর্ব পরিকল্পিত এবং স্যাবোটাজ।