বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বরখাস্ত
এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর তাকে দৃশ্যত বরখাস্ত করা হয়েছে।
টেলিভিশন চ্যানেল এনটিভি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে রাত প্রায় পৌণে এগারটার দিকে জানায় যে, প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেন,
‘বিদ্যুৎ খাতে ব্যর্থতার সব দায়ভার কাঁধে নিয়েই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে’ এবং ‘বিবেকের তাড়নায় স্বেচ্ছায়’ এই সিদ্ধান্ত নিয়েছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে টেলিফোনে তিনি বলেন, ‘জাতির কাছে বোঝা হয়ে থাকার চেয়ে আমার বিদায় নেওয়াই ভাল।’ তার এই বক্তব্য শুক্রবার রাত ১০ টা ১০ মিনিটে সম্প্রচার করা হয়।
এর আগে তিনি চ্যানেল আইকে টেলিফোন করে তার সিদ্ধান্তের কথা জানান। চ্যানেলটি তার সেই টেলিফোন বক্তব্য সম্প্রচার করে।
পদত্যাগ পত্র তৈরি করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি এটিএনকে বলেন, এখনও তা তৈরি হয়নি। তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানাবেন।
এনটিভিতে প্রচারিত সাক্ষাতকারে তিনি দাবি করেন, তার ওপরে কোন চাপ ছিল না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী শুক্রবার রাত সাড়ে ৯টায় বিডিনিউজ২৪ডটকমকে বলেন, প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না।
তবে এনটিভিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রচারিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাজনৈতিক সচিব রাত ১০টা ৫০ মিনিটে বিডিনিউজ২৪ডটকমকে বলেন, তাকে অব্যাহতি দেওয়ার খবরও তিনি জানেন না। তিনি বলেন, তাকে অব্যাহতি দেওয়া হয়নি।
এ ছাড়া বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তারাও এই পদত্যাগের কথা জানেন না।
রাত ১১টায় এটিএন বাংলা টেলিভিশন চ্যানেল জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টেলিফোন করে প্রতিমন্ত্রীকে অব্যাহতি দেওয়ার খবর জানানো হয়।
