২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, পুলিশ সুপারসহ আহত ৪, গ্রেপ্তার ৩

কসবা থানার কুটি বাজার সংলগ্ন নদীর পাড়ে শুক্রবার ভোররাতে পুলিশ--ডাকাত বন্দুকযুদ্ধে পুলিশ সুপারসহ চার পুলিশ আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ঘন্টাব্যাপী এ সংঘর্ষের পর পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে আরও ১০/১২জন ডাকাত পালিয়ে যায়। পুলিশ ডাকাতের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার একেএম মাসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ কসবার কুটি বাজার সংলগ্ন শহীদ ডাকাতের বাড়ির পাশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়।

ঘন্টাব্যাপী এ সংঘর্ষের সময় ডাকাতের ছোঁড়া ছররা গুলিতে পুলিশ সুপার, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী আরশাদ, কনস্টেবল মোশাররফ হোসেন, কনস্টেবল জাবেদ নিজামী আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরা হলো নবীনগরের চাঞ্চল্যকর হাজী হত্যা মামলার প্রধান আসামীসহ ১৪টি মামলার আসামী ইউসুফ (২৪), বরিশালের সাগর (২৫) ও চট্টগ্রামের বাঁশখালীর রবিউল (২০)।

অন্য ডাকাতরা ইঞ্জিনের নৌকায় করে পালিয়ে যায়।