বাগেরহাট ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ছিনতাই মামলা
এক ব্যক্তিকে পিটিয়ে মোবাইল ফোন ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনেছেন।
জানা যায়, ওই ঘটনার শিকার মোহম্মদ আলী শুভকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মামা মোস্তাক আলী খোকন বাদী হয়ে বুধবার জেলা ছাত্রদল সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানীসহ পাঁচ--ছয়জনের বিরুদ্ধে বাগেরহাট থানায় ছিনতাই মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, জিলানী ও তার সহযোগী কাড়াপাড়া ইউপি মেম্বর নাছিরসহ কতিপয় যুবক গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন বাজার ভেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে তার ভাগ্নে শুভর পথরোধ করে। তারা এক হাজার টাকা চাঁদা দাবি করলে শুভ তা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তারা শুভকে মেরে রক্তাক্ত জখম করে মোবাইল ফোন ও সোনার চেইন নিয়ে যায়।
তবে জিলানী ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী মোস্তাক আলী খোকনের দুই ছেলে মিশু, মাসুম ও তাদের ফুফাতো ভাই শুভ মাদকসেবী। শহরের পুরাতন বাজার এলাকায় ছাত্রদলের অফিস স্থাপিত হওয়ায় তাদের মাদক সেবন বাধাগ্রস্ত হচ্ছে। সম্প্রতি পুলিশ মিশু ও মাসুমকে মাদকসহ গ্রেফতার করলে তারা সন্দেহ করে যে জিলানী তাদের ধরিয়ে দিয়েছে। প্রভাব খাটিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে তারা ২৫ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের অফিসে ঢুকে আসবাব ভাংচুর করে এবং অফিস বন্ধ করার দাবি জানায়।
তিনি দাবি করেন, ঠিকাদারী কাজের লেনদেনকে কেন্দ্র করে শুভ, মিশু ও মাসুমের কয়েকজন নিকটাত্মীয়ের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। তারাই এই মিথ্যা মামলা করিয়েছে। এমনকি তাকে ও তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের সহযোগিতা গ্রহণ না করার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘প্রাণভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারছি না।’
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম হায়দার জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।
