২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন ২ জন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ২০০৬ পুরস্কার ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এবারের অনুসন্ধানী সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আবুল খায়ের ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এনটিভির  সিনিয়র করেসপন্ডেন্ট আহমেদ সাগর পুরস্কৃত হয়েছেন।

‘বাংলাদেশে সুশাসন: চাই তথ্য জানার অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার এই পুরস্কার দেওয়া হয়।

আবুল খায়ের ২০০৫ সালের ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খাদ্যে ভেজাল সংক্রান্ত সিরিজ ‘আমরা কি খাচ্ছি’র জন্য পুরস্কৃত হয়েছেন। একই বছর এনটিভিতে প্রচারিত সাভারের রফিকুলকে নিয়ে ‘নির্দোষ শাস্তি’র প্রতিবেদনের জন্য আহমেদ সাগরকে পুরস্কৃত করা হয়েছে।

২০০৬ অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতা মুল্যায়নের বিচারকবৃন্দ ছিলেন অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।

বৈঠকে জানানো হয়, এ বছরের শেষের দিকে টিআইবি ২০০৭ সালের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য লেখা আহবান করা হবে।

উল্লেখ্য, অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদারী উৎকর্ষ সাধনের লক্ষ্যে টিআইবি ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে।