রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে এক বাসযাত্রী নিহত
রাজধানীর মিরপুর রোডে মঙ্গলবার গভীর রাতে ডাকাতের ছুরিকাঘাতে তাজুল ইসলাম ওরফে তাজুদ্দিন (৩৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছে। এসময় সাখাওয়াত হোসেন (৩৫) নামে অপর একজন গুরুতর আহত হয়।
মিরপুরের কালসি মসজিদ এলাকার বাসিন্দা আনোয়ার উদ্দিনের ছেলে তাজুদ্দিন গুলশানের একটি সেলুনের কর্মচারি ছিলেন।
আহত যাত্রী পীরেরবাগ এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আহত সাখাওয়াতকে ভোর ৩ টায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও নিহত তাজউদ্দিনের লাশ মর্গে পাঠানো হয়।
আহত সাখাওয়াত জানান, গুলিস্তান থেকে রাত ১ টার দিকে বাসে বাসায় ফেরার সময় ডাকাতদল আগারগাঁও এলাকায় তাদের বাসে হামলা চালায়। বাসের কর্মচারিরা এসময় ডাকাতদের সহযোগিতা করে। যাত্রীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ওই যাত্রীদের ছুরিকাঘাত করে এবং মিরপুর বাংলা কলেজের কাছে ফেলে রেখে চলে যায়।
