রাজশাহীতে ট্রেন চলাচল করছে ঝুঁকি নিয়ে
পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেললাইনে দিনের পর দিন মারাতœক ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। ভাঙ্গা স্লিপার ও পাথর বসে যাওয়া রেললাইনের ওপর দিয়ে চলাচল করায় প্রতিমাসে দুই--একবার ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ওই পথে রাজশাহী মহানগরীর বহরমপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে প্রায় ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রাজশাহী রেলওয়ের একটি সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী-নবাবগঞ্জ-রহনপুর হয়ে ভারতের সিন্দাবাদ পর্যন্ত প্রায় ৯০ কি.মি. পথ এতোটাই ঝুঁকিপূর্ণ যে প্রতি মাসেই এই পথে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যোগাযোগ বন্ধ থাকে। স্লিপার পচে যাওয়া, রেলপাত ক্ষয় হয়ে নাজুক হয়ে পড়া এবং অনেক জায়গায় পাথর সরে ও বসে গিয়ে রেললাইন দেবে যাওয়ায় ’৮০-এর দশকের পর থেকে ওই পথে দুর্ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়।
তবে ভারত থেকে আমদানী করা পণ্য আনা-নেওয়া সহজ ও সাশ্রয়ী হওয়ায় ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ওই পথে ব্যাপক পরিমাণে পণ্য পরিবহন করা হয়। ওই পথে আমদানী করা পণ্যের কর থেকে রেলওয়ের আয় হয় বছরে প্রায় ২৫ কোটি টাকা।
সূত্র আরও জানায়, রাজশাহী-নবাবগঞ্জ রুটে রেললাইন মেরামতের জন্য গত ২৫ জুলাই রেলওয়ের চট্রগ্রাম হেড অফিস থেকে ৪০০ স্লিপার বরাদ্দ হলেও দুই মাসেও তা রাজশাহীতে এসে পৌঁছায়নি।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করেও রাজশাহীতে রেলওয়ের প্রধান প্রকৌশলীকে পাওয়া যায়নি। তবে উর্দ্ধতন উপ-প্রকৌশলী (পথ) মোহাম্মদ আলম ৪০০ স্লিপার বরাদ্দের কথা স্বীকার করে বলেন, বরাদ্দের পর চট্রগ্রাম থেকে রাজশাহীতে ১৫ দিনের মধ্যে এগুলো পৌঁছানোর কথা। কিন্তু গত দুই মাসেও তা না পৌঁছানোর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেন নি।
