রোজার মাসে ফাঁসি কার্যকর করতে কারাবিধিতে নিষেধ নেই: সংসদে মওদুদের স্বীকারোক্তি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদ অবশেষে স্বীকার করেছেন যে রোজার মাসে ফাঁসি কার্যকর করতে কারাবিধিতে কোন নিষেধ নেই।
বুধবার সংসদে তিনি একথা স্বীকার করলেও ১৯৮২ সালে জারি করা একটি প্রশাসনিক আদেশের ব্যাখ্যা দিয়ে বলেছেন, সেখানে রোজার মাসে ফাঁসি কার্যকর না করার জন্য বলা আছে। তবে এই আদেশে রোজার মাসে ফাঁসি না দেওয়ার নির্দেশ বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করেন তিনি।
আইন মন্ত্রী আরও বলেন, এই আদেশ এখনো কার্যকর আছে কিনা সরকার তা পরীক্ষা - নিরীক্ষা করে দেখছে। বর্তমান সরকারের মেয়াদকালেই দন্ডপ্রাপ্ত জঙ্গি নেতাদের ফাঁসি কার্যকর করা যাবে বলে তিনি জোরারোপ করেন।
এর আগে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন যে আইনমন্ত্রী কারাবিধি ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আইন মন্ত্রী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে বলেছেন যে কারাবিধি অনুযায়ী রোজার মাসে ফাঁসির রায় কার্যকর করা যায় না।
সুরঞ্জিত সেনগুপ্ত তার বক্তব্যে বলেন, জঙ্গি নেতাদের ফাঁসি কার্যকর করাতে ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
রেজিস্ট্রার বলেছেন, ফাঁসির আদেশ পাওয়া একজন আপিল করেছে। তাই পাঁচ জঙ্গি নেতার সবার ফাঁসিই স্থগিত থাকবে।
কিন্তু ডেপুটি এটর্নি জেনারেল বলেছেন, যিনি আপিল করেছেন তাকে বাদ দিয়েই বাকিদের ফাঁসির রায় কার্যকর করা হবে।
আওয়ামী লীগ সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে আইন মন্ত্রী বলেন, ডেপুটি এটর্নি জেনারেল ও রেজিস্ট্রার দুজনের বক্তব্যই ঠিক। এই বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজের কাছে পাঠানো হবে। ফাঁসির রায় কার্যকর করার ব্যাপারে আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।
