পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অযথা সময় নষ্টের দায়ে ভূমি উপমন্ত্রীর মাইক বন্ধ
পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে অযথা সময় নষ্ট করার জন্য স্পিকার সোমবার ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মাইক বন্ধ করে দেন।
স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার ভূমি উপমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি নিজে যেভাবে বক্তব্য রাখছেন, তাও পয়েন্ট অব অর্ডার হচ্ছে না। অতএব সময় নষ্ট না করে আপনি বসুন। এক পর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়’।
সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আব্দুস শহীদ, আখম জাহাঙ্গীর হোসাইন, শাহজাহান খান ও বিএনপির ইলিয়াস আলী।
আব্দুস শহীদ অভিযোগ করেন, তারা নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজার মন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুর করেছে।
২০০১ সালের সংসদ নির্বাচনের পর সেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছে। দেশে আবারও সেই অবস্থা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের হিন্দু সংখ্যালঘুরা আওয়ামী লীগকে ভোট দেয় বলে নির্বাচনকে সামনে রেখে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। আখম জাহাঙ্গীর হোসেন বিমানের টিকেটের ওপর সারচার্জ আরোপের বিরোধীতা করে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে এ ধরনের সারচার্জ আদায় অসাংবিধানিক।
বিএনপির ইলিয়াস আলী শ্রীমঙ্গলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।
