কক্সবাজারে ভবন ধসে নিহত ১, আহত ২
শহরের বড় বাজার এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টায় একটি পুরনো ভবন ধসে একজন নিহত এবং আহত হয়েছে আরো দু’জন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় বাজার এলাকার জনৈক বাবুলের মালিকানাধীন বহুদিনের পুরনো একটি ভবন সংস্কারের কাজ চলার সময় ধসে পড়ে। এতে নিকুঞ্জ বিহারী শর্মা (৬০) ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায়।
এই ঘটনায় গুরত্বর আহত নির্মাণ শ্রমিক শাহজাহানকে (৪০) জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, তার অবস্থা আশংকাজনক।
অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তবে সে ওই ভবনের নিচে ফুটপাতে বসে দাঁতের ঔষধ বিক্রি করতো।
কক্সবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিল্ডিংয়ের মালিকদের কাউকে পাওয়া যায়নি।
