ঢাবিতে ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর, ফরম বিতরণ ২ নভেম্বর শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৬--০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে।
এর আগে ২ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু এবং ১৬ নভেম্বর পর্যন্ত বিতরণ ও গ্রহণ চলবে। ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে ফরম বিক্রি করা হবে। চলতি বছর ফরমের মূল্য আগের বছরের মতোই আড়াইশ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে রোববার ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপ--উপাচার্য অধ্যাপক আকম ইউসুফ হায়দার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, প্রভোস্ট ও ডিনরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য অনুষদের (গ ইউনিট) পরীক্ষা ১ ডিসেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের (খ ইউনিট) পরীক্ষা ৮ ডিসেম্বর, বিজ্ঞান অনুষদের পরীক্ষা (ক ইউনিট) ১৫ ডিসেম্বর এবং বিভাগ পরিবর্তনকারী ঘ ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, গ ইউনিটে আবেদন করার যোগ্যতা চলতি বছর বাড়ানো হয়েছে। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ--৭ পেতে হবে। মানবিক বিভাগে জিপিএ--৫ পাওয়ার সংখ্যা হ্রাস এবং তুলনামূলক খারাপ ফলাফল হওয়ায় খ ইউনিটে গতবারের মতোই এসএসসি ও এইচএসসি মিলিয়ে (চতুর্থ বিষয় বাদে) জিপিএ--৬ পেতে হবে। এছাড়া ক ইউনিট বা ঘ ইউনিটে আবেদন করার যোগ্যতা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ডিনরা নিজ নিজ অনুষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে গ ইউনিট, টিএসসিতে অবস্থিত জনতা ব্যাংকে খ ও ঘ ইউনিট এবং কার্জন হলের অগ্রণী ব্যাংক শাখায় ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে।
