সুন্দরবন উপকূল থেকে আরো ১৬ লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে ঝড়ে নিখোঁজ জেলেদের আরো ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত সুন্দরবন ও বাগেরহাট উপকূল থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
এদিকে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ড ব্যাপক উদ্ধার তৎপরতা অব্যাহত রাখলেও নিখোঁজ নৌ-কর্মকর্তা ফিরোজ কবীরের সন্ধান এখনো মেলেনি। এছাড়া চরে আটকে থাকা নৌ-বাহিনীর পেট্রলবোট বিএনএস শহীদ ফরিদকে শনিবার দুপুরেও উদ্ধার করা সম্ভব হয়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা বনের বিভিন্ন স্থান থেকে শনিবার ৭ টি ট্রলার ও ১৩৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে দুবলার চরের কাছে সাগর থেকে ৬৩ জন এবং অপর ৭১ জনকে শেলা, সুপতি, ছাপড়াখালি, নারকেলবাড়িয়া, পক্ষীর চর প্রভৃতি এলাকা থেকে উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, বন কর্মীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরুর পর থেকে শনিবার দুপুর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ২৪টি ট্রলার ও ৫২২ জেলেকে জীবিত উদ্ধার করেছেন। শনিবার উদ্ধার করা মাছ ধরা ট্রলারগুলোর মধ্যে রয়েছে এফবি আল্লার দান, এফবি মায়ের দোয়া ১ ও ২, এমভি হাফিজ ১ ও ২ এবং এমভি মদিনাসহ নামবিহীন একটি ট্রলার।
বাগেরহাট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শরণখোলায় ফিরে আসা জেলেদের মাঝে ত্রাণের চাল বিতরণ শনিবার সকালে শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার ঝড়ে নিখোঁজ মাছ ধরা ট্রলারগুলো শুক্রবার বিকেল থেকে বাগেরহাটে ফিরতে শুরু করেছে। শনিবার সকালে বাগেরহাট কে.বি. মাছঘাটে গিয়ে এ রকম ১১টি ট্রলারের খোঁজ পাওয়া যায়।
বর্তমানে ঘাটে নোঙ্গর করা এফবি শাকিরের মালিক আŸুল কাশেম জানান, বাগেরহাট পাইকাড়ি মৎস্য আড়ৎ সমিতির মাধ্যমে শতাধিক ট্রলার ঝড়ের আগে সাগরে ইলিশ ধরতে গিয়েছিলো। এগুলোর মধ্যে এখনো অর্র্ধ শতাধিক ট্রলার নিখোঁজ রয়েছে।
এছাড়া ঝড়ের কবলে পড়ে শরণখোলার এফবি-৭৯ ট্রলার ডুবে গেছে এবং ট্রলারের মাঝি রহিম ক্বারী (৭০) মারা গেছেন বলেও তিনি জানান।
