ঢাকা--বরিশাল রুটে লঞ্চ বন্ধ: সুযোগ নিচ্ছেন বাস মালিকরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত তিনদিন ধরে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ। আর এই সুযোগটা লুফে নিয়ে একলাফে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরা। এমনই অভিযোগ পাওয়া গেছে বরিশাল থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসযাত্রীদের কাছ থেকে।
পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত চাপে টিকেট সংকট সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।
বাস ভাড়া বৃদ্ধির অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকা - বরিশাল রুটে বাসভাড়া বৃহস্পতিবার থেকে জনপ্রতি ২২০/২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকার বেশি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত বরিশাল - ঢাকা রুটে গত তিনদিন ধরেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ এখনো বলবৎ আছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল অফিসের সহকারী বন্দর কর্মকর্তা এস এস রেজওয়ানুল ইসলাম।
অফিস ম্যানেজার শাহ মো. খালেদ নেওয়াজ বিডিনিউজ২৪ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ২০০ যাত্রী নিয়ে পিএস শেলা বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বরিশালে আসে। সেই থেকে লঞ্চটি বরিশাল স্টিমার ঘাটেই অবস্থান করছে।
তাছাড়া লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট রুটের সী -- ট্রাকও বন্ধ রয়েছে। ফলে নৌপথের যাত্রীরা এখন সড়কপথে চলাচলের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন।
আর এ সুযোগে বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এ ব্যাপারে ঈগল বাস কাউন্টারের ম্যানেজার নান্নু মিয়া ২৫০ টাকার টিকেট বর্তমানে ৩০০ টাকায় বিক্রির কথা স্বীকার করেন।
বিডিউনিউজ২৪ডটকমকে তিনি জানান, অতিরিক্ত যাত্রীর কারণে টিকেট সংকটও সৃষ্টি হয়েছে।
তাছাড়া শাকুরা বাসের এক সুপারভাইজার জানিয়েছেন, ২৩০ টাকার টিকেট এখন ৩০০ টাকায় তারা বিক্রি করছেন।
একইভাবে ২৩০ টাকার সুরভী বাসের টিকেট ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এটাই বর্তমানে ওই রুটে বাসের সর্বনিু টিকেট মূল্য বলে ঢাকাগামী ওই বাসটির যাত্রী এনজিও কর্মী সোহেল আহম্মেদ জানান।
যাত্রীরা বলছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া অধিকাংশের জন্য দুর্গতি ডেকে আনলেও অনেকেরই তা শাপেবর হয়েছে।
