মধুর কেন্টিনে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সাংবাদিকদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হ্মালা, বোমা নিক্ষেপ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবারের মধ্যে এ দাবি পূরণ করা না হলে বুধবারের সংহতি সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
অপরাজেয় বাংলার পাদদেশে শনিবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচী পালনকালে সমিতির নেতৃবৃন্দ একথা বলেন।
এদিকে সাংবাদিক সমিতির পূর্বনির্ধারিত কর্মসূচির প্রায় আধঘন্টা আগে ঘটনাস্থলের কাছে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সাংবাদিক সমিতির পাঁচ দিনের কর্মসূচির প্রথমদিনে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। পাঁচদিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে রোববার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এবং সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান।
মানববন্ধন শেষে সমিতির সভাপতি মুশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমামুল হক শামীম, মাহবুবুর রহমান, কামরুল হাসান খান, মোকাররম হোসেন শুভ প্রমুখ।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে সাংবাদিকদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আহত হন চারজন। এরপর ১৭ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনের সামনে এবং ১৯ সেপ্টেম্বর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সমিতির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
