২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে ডাকাতের গুলিতে আহত ২

গৌরনদী উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত বাটাজোরের শাঁখারীপাড়ায় শুক্রবার রাতে ডাকাতের গুলিতে দুজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ডাকাতির সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

আহত দুজন হলেন বাটাজোর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল শাঁখারী (৪৫) ও ব্যবসায়ী সমীর শাঁখারী (৪০)।

সুনীল শাঁখারী জানান, রাত ৮টার দিকে কয়েক ব্যক্তি নিজেদের লাবলুর লোক হিসেবে পরিচয় দিয়ে তাকে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলতেই মুখোশ পরা প্রায় ২০ ডাকাত ভেতরে ঢুকে তার ভাই দীপক শাঁখারীকে (৫০) খুঁজতে থাকে। এর পরপরই তারা দুটি ঘরে লুটপাট শুরু করে। বাড়ির লোকজন বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুনীল ও সমীর আহত হন।

গুরুতর অবস্থায় রাত পৌণে ১০টার  দিকে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সমীরকে শনিবার সকালে ঢাকার একটি ক্লিনিকে স্থানান্তর করা হয় ।

এলাকাবাসী জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়।

এর প্রায় ঘণ্টাখানেক পর র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ঘটনায় সমীরের বাবা সুকুমার শাঁখারী বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

গৌরনদী থানার ওসি মান্নান সরকার জানান, ডাকাতরা স্থানীয় যুবদল নেতা লাবলুর পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। এ ঘটনায় লাবলুর সহযোগী মিরাজ সর্দারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।