বাগেরহাটে ৪ টি ব্যাংকে বোমা হামলার হুমকি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি চরমপন্থী সংগঠন চারটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
‘জাতীয় সর্বহারা জনমুক্তি আন্দোলন’ সংগঠনের নামে ব্যাংকগুলোতে বুধবার ডাকযোগে পাঠানো পৃথক চিঠিতে এই হুমকি দেওয়া হয়।
ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক মোরেলগঞ্জ শাখা।
চিঠি পাওয়ার পর ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকরা বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সূত্র জানায়, ‘জাতীয় সর্বহারা জনমুক্তি আন্দোলন’ নামে চরমপন্থী সংগঠনটির শরণখোলা--মোরেলগঞ্জ আঞ্চলিক কমাণ্ডার এম. কে. সাদেক স্বাক্ষরিত ওই চিঠিতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে ব্যাংক পরিচালনার জন্য সতর্ক করে দেওয়া হয়।
এ ছাড়া এক মাসের মধ্যে তাদের শর্ত পূরণ না হলে ব্যাংকগুলো বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চিঠিগুলো ঢাকা থেকে ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে এবং কথিত এই চরমপন্থী সংগঠনটি এলাকায় একেবারেই অপরিচিত।
এছাড়া ঐ এলাকায় তৎপর চরমপন্থী সংগঠনগুলোর যে তালিকা পুলিশের কাছে রয়েছে সেখানেও ‘জাতীয় সর্বহারা জনমুক্তি আন্দোলন’ বলে সংগঠনের নাম নেই।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সংশি¬ষ্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
