রাজধানীতে র্যাবের ‘ক্রসফায়ারে’ ১ যুবক ও না.গঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তা রক্ষী খুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ‘ক্রসফায়ারে’ বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীতে এক যুবক নিহত হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এক নিরাপত্তা রক্ষীকে।
ক্রসফায়ারে নিহত যুবকের নাম মোহাম্মদ পারভেজ (২৩)। মৃত নুরুল ইসলামের ছেলে পারভেজ দক্ষিণ কেরাণীগঞ্জের মীরেরবাগে থাকতেন।
র্যাব---১০ এর ক্যাপ্টেন রাজি বিডিনিউজ২৪.কমকে জানান, পারভেজ কেরানীগঞ্জ এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও দুটি ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে জংশন রোডে পারভেজকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগীদের আটক ও অস্ত্র উদ্ধার করতে পোস্তগোলা শ্মশানঘাটে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। এ সময় পালাতে গিয়ে পারভেজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কিন্তু পারভেজের মামা লাট মিয়া এবং ভগ্নিপতি সফর উদ্দিন দাবি করেন, পারভেজ স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিল। তাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তারা বলেন, র্যাবের বিরুদ্ধে মামলা করা হবে।
লাট মিয়া অভিযোগ করেন, পারভেজকে গ্রেফতারের পর থেকে তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এমনকি র্যাবের কারণে তাকে আইনী সহায়তা দেয়াও সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, শ্যামপুর থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম ভোরে পারভেজের গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে ফতুল্লার শাহজালাল রোডে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শরীফ (৫৫) নামের এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা শরীফকে লক্ষ্য করে দুটি গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার পিতার নাম মৃত একলাল দেওয়ান। তার তিন ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
